কথা রাখলেন কেষ্ট, ভোরেই বোলপুরে নামিয়ে দিলেন 'খোল-খঞ্জনি' পার্টি
বোলপুরে সকালে খোল ও খঞ্জনি সহযোগে বিশাল পদযাত্রা বেরোল।
বীরভূমে রথ বেরোলে পাল্টা রাস্তায় হরিনাম সংকীর্তনের মিছিল বের করবেন বলে ঠিক করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। তার রিহার্সাল হিসাবে এদিনই রথ বের করে দিলেন তিনি। বোলপুরে সকালে খোল ও খঞ্জনি সহযোগে বিশাল পদযাত্রা বেরোল।

তবে এখানেই থেমে থাকা নয়। বীরভূমে হরিনাম সংকীর্তন করার জন্য ইতিমধ্যে বেশ কয়েক হাজার খোল ও খঞ্জনি কেনা হয়েছে। বিজেপি ঢাক বাজালেই খোল-খঞ্জনিতে চারিদিক মাতিয়ে দেবেন অনুব্রত।
বিজেপি হিন্দুত্ব নিয়ে এগোতে চাইলে কেষ্ট-ও যে জমি ছাড়বেন না তা ফের বুঝিয়ে দিলেন তিনি। এর আগে অনেকবার জানিয়েছেন, হিন্দু ধর্ম পালনে তিনিও কম যান না। সেটা বিজেপির থেকে শিখতেও চান না তিনি।
বুধবার দিলীপ ঘোষ অনুব্রতকে কুকুর কটাক্ষে ভরিয়ে দেন। পাল্টা অনুব্রতও দিলীপকে কুৎসা করেন। নিজেকে সিংহ বলে দাবি করেন। এদিন তিনি বলেন, ওরা রথ বের করার আগেই আমি খোল-করতাল বের করেছি। সবমিলিয়ে ৪ হাজার খোল ও ৮ হাজার খঞ্জনি বাজবে। এক একটি দলে ৮ জন করে লোক রাখা হয়েছে। সারা বীরভূম জুড়ে তারা মিছিল করবে।
আগামী ডিসেম্বর মাসে বীরভূমের তারাপীঠ থেকে বিজেপি রথ বের করবে। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, 'ওটা জগন্নাথের রথ নয়, আষাঢ়ের রথ নয়। ওটা বিজেপির মৃত্যুর রথ বেরোবে।'












Click it and Unblock the Notifications