Birbhum: হাড়হিম ‘খুন’ মহম্মদবাজারে! মা ও দুই শিশুর নলি কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য, বিক্ষোভ বিজেপির
Birbhum: ট্যাংরাকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ট্যাংরায় একই পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে যখন রহস্য আরও জোরালো হচ্ছে, ঠিক তখনই বীরভূমের মহম্মদবাজারে (Mohammad Bazar) মা-সহ দুই শিশুর নলি কাটা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। শুক্রবার সকালে মহম্মদবাজার থানা এলাকার ম্যানেজারপাড়ায় মা ও তাঁর ২ নাবালক সন্তানের নলি কাটা দেহ উদ্ধারে ব্যাপক আতঙ্ক এলাকায়।
জানা গিয়েছে, নিহতের নাম লক্ষ্মী মাড্ডি। নিহত মহিলার স্বামী পেশায় শ্রমিক কর্মসূত্রে বাইরে থাকেন। এক ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন মহিলা। এদিন সকালেই তিনটি মৃতদেহ দেখতে পেয়ে মহম্মদবাজার থানায় খবর দেন স্থানীয়রা।

নিহত দুই শিশুর একজনের বয়স ৭ ও অপরজনের বয়স ৫ বছর। খাটের উপর থেকে মা ও নাবালিকার দেহ ও খাটের নিচে নাবালকের দেহ উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনাস্থলে মহম্মদবাজার থানার পুলিশ পৌঁছতেই দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। আসল দোষীদের গ্রেফতারির দাবি তোলা হয়।
খুনের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িয়ে থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের। ঘটনাস্থলে পৌঁছন খোদ পুলিশ সুপার। পরে তাঁর আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে নিশ্চয়তা প্রদান করেন।
দোষীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপিও (BJP)। দলের জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে জাতীয় সড়কে ১ ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ করে বিজেপি। ব্যাপক যানজট হয় জাতীয় সড়কে। খুলেআম দুষ্কৃতীমূলক কার্যকলাপের অভিযোগ বিজেপির। শাসকদলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার্থে ব্যর্থতার অভিযোগ করে বিক্ষোভরত বিজেপির কর্মী সমর্থকরা।
গোটা ঘটনায় এখনও পর্যন্ত একজন মাছ বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। খুনের নেপথ্যে মূলত দুটি কারণকে প্রাধান্য দিচ্ছে পুলিশ। প্রথমত পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন হয়ে থাকতে পারে। সন্দেহভাজন মাছ বিক্রেতাকে আটক করা হয়। গতকাল রাতে দাদা ছিল না বলে স্বীকারও করেছে মাছ বিক্রেতার ভাই। খুনে তার কোনও হাত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, পুলিশের অনুমান পারিবারিক সম্পত্তির বিবাদের জেরেও খুন হয়ে থাকতে পারেন মহিলা-সহ তার দুই সন্তান। মহিলার কাকা শ্বশুরের সঙ্গে প্রায় ২৩ ছটাক জমি নিয়ে ঝামেলা চলছিল বলে দাবি সূত্রের। গ্রামবাসীদের দাবি মেনে পুলিশ কুকুর নিয়ে তল্লাশিও চালানো হয় এলাকায়।












Click it and Unblock the Notifications