গুরুংকে হটিয়ে মোর্চার মুখ বিনয়ই, প্রতিষ্ঠা দিবসে আরও শক্তিশালী পাহাড়-প্রধান
দলের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং প্রতিষ্ঠাতাই পাহাড় ছাড়া। আজ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে পালন হয়নি মোর্চার প্রতিষ্ঠা দিবস। এবার তাই হল পাহাড়ে।
পাহাড়ে ক্রমশই গুরুত্ব হারাচ্ছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। আর গুরুংয়ের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চায় নিজের আধিপত্য কায়েম করেই চলেছেন পাহাড়ের নয়া বোর্ড প্রধান বিনয় তামাং। একদিন আগেই গুরুংয়ের শিবির ছেড়ে বিনয় তামাংয়ের শিবিরে যোগ দিয়েছিলেন একাধিক নেতা-নেত্রী। এবার প্রতিষ্ঠা দিবসে মোর্চার পার্টি অফিসেরই দখল নিয়ে নিলেন গুরুংয়ের উত্তরসূরি। গুরুংয়ের ভিডিও বার্তা অগ্রাহ্য করে পার্টির প্রতিষ্ঠা দিবসও পালন করলেন তিনি।

দলের প্রতিষ্ঠা দিবসে স্বয়ং প্রতিষ্ঠাতাই পাহাড় ছাড়া। আজ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে পালন হয়নি মোর্চার প্রতিষ্ঠা দিবস। এবার কোণঠাসা গুরুং প্রবেশাধিকারই পেলেন না পাহাড়ে। তাই প্রতিষ্ঠাতাকে বাদ দিয়েই হল প্রতিষ্ঠা দিবস উদযাপন। কোনও গুরুংপন্থী নেতা নয়, এবার পাহাড়ে মোর্চার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন বিদ্রোহী নেতা বিনয় তামাং। নিজেকে পার্টির মুখে হিসেবে তুলে ধরলেন ফের।
দল থেকে তিনি বহিষ্কৃত। তবু তিনিই প্রধান হয়ে উঠলেন দলের অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক চালে গুরুং চলে গিয়েছেন পিছনের সারিতে। বহিষ্কৃত হয়েও বিনয় তামাংই তাই মোর্চার মুখ হয়ে উঠলেন। বিমল গুরুংয়ের বার্তা অমান্য করেই তিনি পাহাড়জুড়ে মোর্চার প্রতিষ্ঠা দিবস পালন করেন। তিনি নিজে মোটর স্টেশনের কার্যালয়ে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন।
ইউএপিএ ধারায় অভিযুক্ত বিমল গুরুংয়ের নামে লুক আউট নোটিশ জারি হয়েছে। রয়েছে গ্রেফতারি পরোয়ানাও। তাঁর পাহাড়ে পা দেওয়া মানেই পুলিশের জালে ধরা পড়া। তাই গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় তিনি এবার কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁর কথা অগ্রাহ্য করেই ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন বিনয়।
এদিন কালিম্পংয়ে বিমল গুরুংয়ের পার্টি অফিস দখল করে নেন বিনয় তামাং গোষ্ঠীর লোকজন। সরিয়ে দেওয়া হয় বিমল গুরুংয়ের ছবি-সহ যাবতীয় জিনিসপত্র। এতেই প্রমাণিত বিমল গুরুং শিবিরের থেকে বিনয় তামাংয়ের শিবির শক্তিশালী হয়ে উঠছে। তার উপর প্রতিদিনই বিমল গুরুংয়ের শিবির ছেড়ে বিনয় তামাং শিবিরে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা। তাই গুরুংকে হটিয়ে পাহাড়ের নেতা হয়ে ওঠার ব্যাপারে প্রত্যয়ী বিনয় তামাং।












Click it and Unblock the Notifications