রাজ্য সম্পাদকের পদ থেকে সরছেন বিমান বসু? জল্পনা তুঙ্গে
কলকাতা, ২০ ডিসেম্বর : ইতিমধ্যে তিন দফায় রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিমান বসু। কিন্তু এবার সরে দাঁড়ানোর পালা। দলীয় নিয়মেই এবার নয়া রাজ্য সম্পাদক বেছে নেওয়ার পালা। সিপিআইএম-এ নতুন রাজ্য সম্পাদকের দৌড়ে কারা রয়েছেন তা নিয়েই এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
অনিল বিশ্বাসের পর দলের রাজ্য সম্পাদক হন বিমান। সাধারণত, সিপিএম দলে সম্পাদক পদে ৩ দফার বেশি কোনও নেতাই থাকতে পারেননা। বিমান বাবু ইতিমধ্যে তিন দফার সময়সীমা শেষ হয়েছে তাই মার্চ মাসে সিপিএমের রাজ্য সম্মেলনে বিমান বসুর হাত থেকে দায়িত্ব স্থানান্তরিত হবে।

কিন্তু দায়িত্ব কার কাছে যাবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এই বিষয়ে দলের ভিতরেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন নেতা-কর্মীরা। একদল সমর্থন করছে সূর্যকান্ত মিশ্রকে অন্যদল অবশ্য ভরসা রাখছে গৌতম দেবের উপরে।
দলীয় সূত্রের খবর, জেলা নেতৃত্বের সঙ্গে ঘণিষ্ঠ সম্পর্কে এবং সাংগঠনিক সমীকরণে এগিয়ে সূর্যকান্তচ মিশ্র। কিন্তু জনপ্রিয়তায় আবার সূর্যকান্তকে পিছনে হেলায় ছাড়তে পারেন গৌতম দেব। তবে শারীরিক অবস্থা কিছুটা হলেও তাঁর রাজ্যসম্পাদক হওয়ার পথে বাধা। যদিও শীর্ষ নেতৃত্ব কাকে এই পদে দেখতে চায় তা এক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্ষেত্রেও এখন থেকে অনুমান করা মুশকিল কাকে এই গুরুদায়িত্ব দেবে দল। কারণ দলে বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর পছন্দের পাত্র গৌতম হলেও সূর্যকান্তের কদর নেহাত কম নয়। তার উপরে আবার কারাটেরও পছন্দের পাত্র সূর্যকান্ত।
২০১১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড়ে সেই যে বাম দূর্গ ভেঙে পড়ল। তারপর আর কিছুতেই দাঁড় করানো যায়নি সেই দূর্গকে। অথচ সময়ের ব্যবধানে বামদূর্গের আশপাশেই পদ্মফুল ফুটতে শুরু করেছে বহুলভাবে। এমন অবস্থায় বামেদের ঘুরে দাঁড়ানোটা বেশ শক্ত। কিন্তু তবুও রাজ্য সম্পাদকের গুরুদায়িত্ব দিতে হবে শক্ত হাতে। অন্তত যাতে ঘুরে দাঁড়ানোর লড়াইটা লড়া যায়। তাই আপাতত রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।












Click it and Unblock the Notifications