দলের সু্প্রিমোই বহিষ্কৃত! মমতার সফরের আগেই কড়া সিদ্ধান্তে কী বার্তা মোর্চার
নবান্নে মুখ্যমন্ত্রী পাহাড়-বৈঠকে বিনয় তামাং উপস্থিত হওয়ার পরই দার্জিলিংয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে মোর্চা। এবার মোর্চার সুপ্রিমোই বহিষ্কৃত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের আগেই গোর্খা জনমুক্তি মোর্তা কড়া সিদ্ধান্ত নিল। সোমবার মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলের সুপ্রিমোর বিরুদ্ধেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হল। বিমল গুরুং ছাড়াও বহিষ্কার করা হল মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি-সহ ১৩জন কেন্দ্রীয় নেতাকে।

নবান্নে মুখ্যমন্ত্রী পাহাড়-বৈঠকে বিনয় তামাং উপস্থিত হওয়ার পরই দার্জিলিংয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে মোর্চা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনয় তামাংয়ের উপর পাহাড়ের ভার অর্পণ করেছেন। আর পাহাড়ে হিংসা ছড়ানো বিমল গুরুং দার্জিলিং থেকেই বিতাড়িত। গ্রেফতারি পরোয়ানা, লুক আউট নোটিশ ও ইউএপিএ আইনে ফেঁসে তাঁর পাহাড়ে প্রবেশাধিকারই নেই।
বিনয় তামাং মুখ্যমন্ত্রীর বদ্যানতা পেয়ে পাহাড়ে নতুন নেতা হয়ে ওঠার চেষ্টা করছেন। তাই বিমল গুরুং কেন্দ্রীয় কমিটির সভা ডেকে বিনয় তামাং-অনীত থাপাদের বহিষ্কার করেছিলেন। এবার মোর্চার রাশ হাতে নিয়ে পাল্টা বিমল গুরুং, রোশন গিরি ও ১৩ মোর্চা নেতাকে বহিষ্কার করলেন বিনয় তামাং। তিনি নিজে হলেন মোর্চার সভাপতি। আর সাধারণ সম্পাদক হলেন অনীত থাপা।

মঙ্গলবার শিলিগুড়িতে পাহাড়ের স্থায়ী শান্তিস্থাপনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে সর্বদল বৈঠক করবেন। সেই বৈঠকে মোর্চার সভাপতি হিসেবে যোগ দিতে যাবেন বিনয় তামাং। পাকাপাকিভাবে তাঁর হাতে পাহাড়ের রাশ তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিমল গুরুং এখন একেবারেই কোণঠাসা। তাঁর বিরুদ্ধে নতুন করে পুলিশ ইন্সপেক্টর অমিতাভ মালিকের খুনের অভিযোগ দায়ের হয়েছে। ফলে তাঁর গতিবিধি আরও নিয়ন্ত্রিত হয়েছে। এমতাবস্থায় পাহাড়ের জনসমর্থন একেবারেই তলানিতে পৌঁছে গিয়েছে গুরুংয়ের। বিনয় তামাংকে গুরুত্ব দিয়েই তাঁকে পাহাড় বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এর পরবর্তী সময়ে জিটিএ নির্বাচন হলে তাঁকেই সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হবে, তাও বুঝিয়ে দিয়েছেন মমতা।
বিমল গুরুং ঘনিষ্ঠরা বিনয় তামাং ও অনীত থাপাদেরই এখন শত্রু মনে করছেন। তাঁদের অভিযোগ রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন তাঁরাই। এর কড়ায়-গণ্ডায় জবাব দিতে হবে বিনয়-অনীতদের। এমতাবস্থায় গুরুংদের রোষানল থেকে তামাং-থাপাদের কীভাবে রক্ষা করেন মমতা, সেটাই আপাতত চ্যালেঞ্জ পাহাড়ে।












Click it and Unblock the Notifications