'CBI- ফাঁসিয়েছে', কয়লাকাণ্ডে জামিন পেয়েই বিস্ফোরক বিকাশ মিশ্র
কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে জামিন দিল আদালত। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। জামিন পেয়েই সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। বিকাশ মিশ্র অভিযোগ করেছেন কয়লাপাচার কাণ্ডের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
সিবিআই চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে। এমনই বিস্ফোরর দাবি করেছেন বিকাশ মিশ্র। চার্জশিটেও তাঁর নাম পরিকল্পনা করেই দেওয়া হয়েছে। এবং পুরোটাই সিবিআইয়ের চক্রান্ত। এর আগে কয়লাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর বিকাশ মিশ্রকে অনুপ মাজির সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করেছে িসবিআই।

কলকাতা হাইকোর্টের কাছ থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। তারপরেই আবার সিবিআই তাঁকে আদালত চত্ত্বরেই গ্রেফতার করে। সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। গত চারদিন ধরে তিনি কেবল সিবিআইয়ের কাছে কাগজে সই করে গিয়েছেন বলে অভিযোগ করেছেন কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। মঙ্গলবার আসানসোলে বিশেষ আদালতে পেশ করা হয় তাঁকে।
সেখানে আসানসোলের বিশেষ সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী তাঁর জামিন মঞ্জুর করেন। কলকাতা হাইকোর্টের শর্ত বহাল রেখেই জামিন মঞ্জুর করা হয়। এদিন ইসিএল প্রাক্তন সিএমডি সুনীল কুমার ঝা ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং-কে আদালতে পেশ করা হয়েছিল।

এখানে বিচারক লালার গ্রেফতারি নিয়ে প্রশ্ন করেন। তাতে সিবিআইয়ের আইনজীবী জানান অনুপ মাজি ওরফে লালা সুপ্রিম কোর্টের রক্ষা কবচে রয়েছেন। ১৮ জুলাই পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না সেই কারণে। তবে তাঁকে জেরা করা যাবে। গত ১৩ মে লালাকে জেরা করা হয়েছে বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। বিকাশ মিশ্রের সঙ্গে মুখোমুখি বসিয়ে অনুপ মাজিকে জেরা করা হয়েছে।












Click it and Unblock the Notifications