পার্থ-মানিকের সঙ্গে যোগ নিয়ে বিস্ফোরক বিভাস! বললেন, সারা জীবন জেলে থাকব যদি...
নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে বারবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অবস্থায় তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই এবং ইডি। আর এরপরেই নলহাটির তৃণমূল নেতার ফ্ল্যাটে ঘন্টার পর ঘন্টা তল্লাশি গোয়েন্দাদের
West Bengal Education Scam: SSC Scam in Bengal: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে বিভাস অধিকারীর। ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের মুখে তাঁর নাম সামনে আসে। আর তা আসার পরেই আজ মঙ্গলবার বিভাস অধিকারীকে (bibhas adhikari birbhum) নিয়েই তাঁর ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি চালাল ইডির আধিকারিকরা।
একই সঙ্গে একাধিক বিষয়ে এদিন বিভাস অধিকারীকে জেরাও করেন তাঁরা। প্রায় চার ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশির পর বিভাসের শিয়ালদহের ফ্ল্যাট ছাড়েন তদন্তকারীরা। দীর্ঘ এই তল্লাশিতে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নলহাটির েএই তৃণমূল নেতার দাবি, তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্তুষ্ট। তবে ফের তাঁকে ইডি ডাকতে পারে বলেই খবর।

দুর্নীতিতে তাঁর নাম জড়ানো নিয়ে চ্যালেঞ্জ
আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিভাস অধিকারী। আর সেখান থেকেই নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ানো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তৃণমূল নেতা বলেন, তদন্তে যদি আমার কোনও দোষ সামনে আসে। এমনকি চাকরি দিয়েছি বলে কোনও তালিকা খুঁজে পাওয়া যায় তাহলে আমি সারা জীবন জেলে থাকব বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই বিভাসের আরও দাবি, তদন্তকারীদের আমার এবং গোটা পরিবারের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। এমনকি আশ্রমের অ্যাকাউন্ট নম্বরও দিয়েছেন বলে জানিয়েছেন।

মানিকবাবু নানা ভাবেই সাহায্য করতেন।
তবে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে চেনেন বলে জানিয়েছেন বিভাস। সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, বি.এডের অফলাইন রেজিস্ট্রেশনে মানিকবাবু নানা ভাবেই সাহায্য করতেন। এমনকি তাঁর বিএড কলেজের তিন থেকে চারজনকে অফলাইনে রেজিস্ট্রেশনে সাহায্য করেছিলেন বলেও জানিয়েছেন বিভাস অধিকারী। তবে এক্ষেত্রে কোনও টাকা দেওয়া নেওয়া হয়নি বলেই এদিন দাবি করেছেন তিনি। অন্যদিকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেতার দাবি, তাঁর সঙ্গে কৈলাশ বিজয়বর্গীর যোগ রয়েছে। এমনকি তাঁর আশ্রমেই বেশ কয়েকবার গিয়েছিলেন বলেও ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ নিয়েও মুখ খুলেছেন বিভাস
অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ নিয়েও মুখ খুলেছেন বিভাস অধিকারী। তিনি বলেন, আশ্রমের উদ্বোধনের জন্যে ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তিনি না আসতে পারলেও পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন বলে সংবাদমাধ্যমকে জানান। আর এরপর থেকেই পার্থবাবুর সঙ্গে সম্পর্ক আছে বলে সবাই ভাবে বলে দাবি তৃণমূল নেতার। যদিও তাপস কিংবা কুন্তলের কথা অনুযায়ী, নিয়োগ দুর্নীতির টাকা বিভাসের কাছেও পৌঁছেছে।












Click it and Unblock the Notifications