ভর্তির প্রয়োজন নেই, পার্থকে ছেড়ে দিল ভুবনেশ্বর এইমস! প্রশ্নে এসএসকেএম-এর ভূমিকা
এইমসে ধাক্কা খেলেন মন্ত্রী পার্থ! পরীক্ষার পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে প্রশ্নে এসএসকেএমের ভূমিকা
ভুবনেশ্বরের এইমসেও ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে তাঁকে শারীরিক পরীক্ষা করার জন্য এসএসকেএম থেকে ভুবনেশ্বর এইমসে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এইমস কর্তৃপক্ষ জানিয়ে দিল, পার্থ চট্টোপাধ্যায়ের ক্রনিক কিছু সমস্যা রয়েছে। কিন্তু হাসপাতলে ভর্তি করে রাখার কোনও প্রয়োজন নেই। তাঁকে এদিনই ছেড়ে দেওয়া হচ্ছে। এইমসের এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠে পড়ল এসএসকেএমের ভূমিকা নিয়ে।

ভুবনেশ্বর এইমসের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হয়েছিল এদিন। পরীক্ষা রিপোর্ট হাতে পেয়ে মেডিকেল টিমের প্রধান জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। তাঁর কোনও গুরুতর সমস্যা নেই। তিনি ক্রনিক সমস্যায় ভুগছেন। তা নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে। তার জন্য ভর্তি করার কোনও প্রয়োজন নেই।
এইমসের এই সিদ্ধান্তের পর এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসএসকেএম কীসের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল, তবে কি ইডির অভিযোগই সঠিক। ইডি অভিযোগ করেছিল এসএসকেএম পার্থ চট্টোপাধ্যায়ের সেফ জোন। তাই তিনি শারীরিক অসুস্থতার নাটক করে এসএসকেএমে যেতে চেয়েছিলেন।
ইডি তাই পাল্টা হাইকোর্টে মামলা করেছিলেন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে। সেই মামলায় কলকাতা হইকোর্ট নির্দেশ দেন সোমবার ভোরে পার্থ চট্টোপাধ্যায়কে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বরে নিয়ে যেতে হবে। ভুবনেশ্বর এইমসে কার্ডিওলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক নিয়ে একটি দল তৈরি করে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেইমতো এদিন সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়।
হাইকোর্টের নির্দেশ মতো সোমবার বিকেল তিনটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট তৈরি করে পেশ করা হয়। রিপোর্টের প্রতিলিপি দেওয়া হয় তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে। সেইসঙ্গে ভুবনেশ্বর এইমস পার্থ চট্টোপাধ্যায়কে এদিনই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এখন দেখার ভুবনশ্বর এইমসের এই রিপোর্টের পর আদালত কী সিদ্ধান্ত নেয়। এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে নগর দায়রা আদালতের ইডির স্পেশ্যাল কোর্টে তোলার কথা। তিনি ভুবনেশ্বরে থাকায় ভার্চুয়ালি তাঁকে পেশ করা হবে আদালতে। কারণ কলকাতা হাইকোর্ট রবিবারই ইডির তদন্তকারী অফিসারকে জানিয়ে দেয়, ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে হাজির করার জন্য ব্যবস্থা রাখতে হবে।
এখানে উল্লেখ্য, শনিবার ব্যাঙ্কশাল আদালত প্রথমে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল। তারপর পার্থ চট্টোপাধ্যায় তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে এসএসকেএমে ভর্তির আবেদন জানান। রাজ্যের মন্ত্রীর সেই আবেদন মঞ্জুর করা হয়। তিনি শনিবারই এসএসকেএমে ভর্তি হন। কিন্তু আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ইডি পাল্টা হাইকোর্টে আবেদন করে রবিবার। তাঁদের অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার নাটক করছেন। এসএসকেএমে তিনি ডনের মতো আচরণ করছেন।












Click it and Unblock the Notifications