‘মা’য়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন, সিআইডি-হানায় বিপর্যস্ত ভারতী এবার আদালতের দ্বারস্থ
পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এখন একাধিক মামলায় ফেঁসে গ্রেফতারের মুখে। এমতাবস্থায় গ্রেফতারি এড়াতে ভারতী দেবী আগাম জামিনের আবেদন করতে চলেছেন হাই কোর্টে।
এককালে জঙ্গলমহলের 'মা' বলে সম্বোধন করেছিলেন যাঁকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের। পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ এখন একাধিক মামলায় ফেঁসে গ্রেফতারের মুখে। তাঁকে ইতিমধ্যেই একাধিকবার তলব করেছে সিআইডি। তলব করা হয়েছে তাঁর স্বামীকেও। এমতাবস্থায় গ্রেফতারি এড়াতে ভারতী দেবী আগাম জামিনের আবেদন করতে চলেছেন হাই কোর্টে।

হাইকোর্টের আইনজীবী মহল সূত্রে জানা গিয়েছে, ভারতী দেবী তাঁর আইনজীবী মাধ্যমে আগাম জামিনের আবেদন করতে চলেছেন। সেই আবেদন মঞ্জুর হলেই তিনি সিআইডি-র মুখোমুখি হতে পারেন। এর আগে অডিও বার্তায় ভারতীদেবী আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন সিআইডি-র তল্লাশি অভিযানের বৈধতা নিয়েও।
উল্লেখ্য বৃহস্পতিবার অডিও বার্তায় সিআইডি বিরুদ্ধে ১০টি প্রশ্ন তোলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার ও সিআইডি যেভাবে তাঁর ও তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, সেই প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এইসব কারণেই কোনও পথ খোলা না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি।
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এদিন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানানোর পাশাপাশি সিআইডি-র বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগও করবেন ভারতী দেবী। তিনি গোপন ডেরা থেকে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। হাইকোর্টে কোনওভাবে তাঁর আবেদন খারিজ হলে তিনি শীর্ষ আদালতে যেতে পারেন।
এখন ভারতী দেবী প্রসঙ্গে বিরোধী দলগুলির অভিমত, 'মা এখন পাশে নেই, তাই অনাথ হয়ে পড়েছেন ভারতী দেবী। এতদিন মিথ্যা মামলায় তিনি বিরোধীদের ফাঁসিয়েছেন, এবার নিজেই ফাঁসলেন। নিজের তৈরি জালেই এখন জড়িয়ে গিয়েছেন ভারতী দেবী।'












Click it and Unblock the Notifications