কাটমানির কথা মনে হল ১৮টা আসনে হারের পর, ‘মা’ মমতাকে খোঁচা ভারতীর
এখন কাটমানি ফেরত দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগে কেন বলেননি, প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
এখন কাটমানি ফেরত দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আগে কেন বলেননি, প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন ভারতীদেবী, সেই 'মেয়ে'ই সারদা-নারদা-রোজভ্যালির খোঁচা দিতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, সারদা-নারদা-রোজভ্যালি যখন হয়, তখন আপনার মনে হয়নি এই কথা। এখন ১৮টা আসনে হারার পর আপনার মনে হচ্ছে। ঘুষের টাকা ফেরত দেওয়ার কথা প্রকাশ্যে বলে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তাঁর দলের লোক ঘুষ- কাটমানি খায়।
শুধু ভারতীদেবীই নন, কাটমানি নিয়ে রাজ্য বিজেপির সমস্ত শীর্ষ নেতারাই শনিবার পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের সভা থেকে হুঙ্কার ছাড়েন। তাঁদের হুঙ্কার, কাটমানির টাকা ফেরত না দিলে ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দেবে বিজেপি। এমনকী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তিও বিক্রি করে দিতে কসুর করবেন না তাঁরা।
বিজেপি নেতৃত্বের তরফে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সাফ জানানো হয়, কাটমানি ইস্যুতে তাদের আন্দোলন থামবে না, বরং আরও তীব্রতর হবে সেই আন্দোলন। এখন কাটমানি ফেরত চেয়ে সব জায়গায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আর তৃণমূল কংগ্রেস সব জায়গায় বিজেপির ভূত দেখছে।
দিলীপ ঘোষ বলেন, এই চোরেদের কাটমানির রাজত্ব বেশি দিন চলতে পারে না। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর দলের লোকেদের বলেছেন কাটমানির টাকা ফেরত দিয়ে দিতে। আর আমরা মানুষকে বলছি তৃণমূল নেতাদের কাছ থেকে কাট মানির টাকা বুঝে নিন, এর সঙ্গে সুদটাও বুঝে নেবেন।












Click it and Unblock the Notifications