বাংলার নৃশংসতার রানি মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়া জোট ভুলে কড়া আক্রমণ অধীর চৌধুরীর?
সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা আক্রমণ করলেন অধীর চৌধুরী। বাংলার নৃশংসতার রানি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কড়া মন্তব্য কংগ্রেস সাংসদের। এই নিয়েও শুরু রাজনৈতিক তরজা।
কংগ্রেস হাইকমান্ড সন্দেশখালি ইস্যুতে কথা বলছে না। রাহুল গান্ধী,প্রিয়ঙ্কা গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গে, শশী থারুররা মুখে কুলুও এঁটে রয়েছেন।রাহুলের থেকে কদিন আগেও জোটের বার্তা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

বাংলার একশো দিনের কাজের টাকার দাবি তুলেছেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখন আর জোট রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না। রাহুল গান্ধী যেখানে সন্দেশখালি ইস্যুতে মন্তব্য করছেন না। সেখানে অধীর চৌধুরী কার্যত এদিন ওয়াশআউট করেছেন।
শুক্রবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী। রামপুরে তাঁদের আটকে দেওয়া হয়। তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী।
মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রসঙ্গ টেনেছিলেন। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন অধীর চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী এখানে ধর্মের রাজনীতি করছেন।
এদিন অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকের দংশন হচ্ছে না? মা মাটি মানুষের মুখ্যমন্ত্রীর বিবেক দংশন হচ্ছে না? মুখ্যমন্ত্রী আরও বড় খেলা খেলছেন। ধর্মের রাজনীতি প্রমাণ করার চেষ্টায় মুখ্যমন্ত্রী৷ মুসলমান সম্প্রদায়কে কলুসিত করছেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালির ঘটনা নিয়ে ধর্মের রাজনীতি করবেন না। মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের।
সন্দেশখালির ঘটনা অত্যন্ত লজ্জার। বাংলার সুনাম নষ্ট করে দিল৷ মহিলাদের সম্ভ্রম নষ্ট করার একাধিক অভিযোগ সামনে এসেছে। এদিন অধীর আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে ১০০০, ১২০০ টাকা করে মহিলাদের দেন। বাংলার মা বোনেদের ইজ্জত আছে। টাকা দিয়ে ইজ্জত কেনার চেষ্টা করবেন না।
বাংলার নৃশংসতার রানি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই আক্রমণ করেছেন অধীর৷ এদিন রামপুরে মহিলা পুলিশদের আগে রাখা হয়েছিল কংগ্রেসকে রুখতে। কেন মহিলা পুলিশ আগে রাখা হল? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications