বাংলায় করোনার মৃত্যুর হার নামল ২-এর নিচে! বাড়ছে সুস্থতা, পরিসংখ্যানে স্বস্তি
বাংলায় করোনার মৃত্যুর হার নামল ২-এর নিচে! বাড়ছে সুস্থতা, পরিসংখ্যানে স্বস্তি
২০২০-র মার্চ মাসের শেষদিকে বাংলায় প্রথম করোনা হানা দিয়েছিল। সংক্রমণের তুলনায় রাজ্যে মৃত্যুর হার প্রথম থেকেই বেশি ছিল। প্রথমবার বাংলার ক্ষেত্রে মৃত্যুর হার ২ শতাংশের নিচে নামল। করোনা ভাইরাসের সংক্রমণে আপাতত লাগাম টানা সম্ভব হয়েছে। টেস্টিং বাড়ার পরও সংক্রমণ তিন হাজারের আশেপাশে থাকছে। বাড়ছে সুস্থতার সংখ্যা। এর মধ্যেই স্বস্তির বার্তা দিল মৃত্যু হার।

রাজ্যে মৃত্যু হার কমছে করোনায়
রাজ্যের স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিনে জানানো হয়েছে, ২৮ আগস্ট প্রথমবার দুই শতাংশের নিচে নেমেছে মৃত্যুর হার। এরপর থেকে এটি ১.৯ শতাংশের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই পরিসংখ্যান জাতীয় গড়ের তুলনায় সামান্য বেশি। সোমবারের পর মঙ্গলবার রাজ্যের সিএফআর ছিল ১.৯ শতাংশের আশেপাশে। উল্লেখ্য, করোনা মৃত্যুহারের জাতীয় গড়ে ১.৭ শতাংশ।

বাংলায় মৃত্যু হারের গ্রাফ নিম্নমুখী
কোভিডের প্রাদুর্ভাবের প্রথম দিকে বাংলায় উচ্চ মৃত্যুহার উদ্বেগের কারণ ছিল। মে মাসের মাঝামাঝি সময়ে এটি ৯.১-এ পৌঁছে যায়। ৩১ মে তা নেমে আসে ৫.৭ শতাংশে। জুনের শেষের দিকে আরও কমে দাঁড়ায় ৩.৫ শতাংশ। জুলাই মাসে এটি ৩ শতাংশের নিচে নেমে যায়। অগাস্ট মাসের শেষে তা নেমে আসে ২-এর নিচে।

মৃত্যু হার কমছে, কমছে সক্রিয় রোগী
আগস্টের শেষ সপ্তাহে অর্থাৎ ২৫, ২৬ এবং ২৭ অগাস্ট- তিন দিনে মৃত্যু হার স্থির করে ২ শতাংশে স্থির ছিল। ২৮ অগাস্টে ১.৯ শতাংশে নেমে আসে। ২৯, ৩০, ৩১ অগাস্টে একই ছিল। এই পরিসংখ্যান বাংলায় স্বস্তি আনল। গত ন-দিন ধরে এ রাজ্যে বেড়ে চলেছে সুস্থতার সংখ্যা। সক্রিয় করোনা আক্রান্ত ২৫ হাজারেরও নিচে নেমেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৬২ হাজার ৭৭৮ জন। এদিন ২৯৪৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭২১ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৮৩। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজার ৭২১ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৪ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩২৮৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ৩৭ হাজার ৬১৬ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৮৩.০৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৯ লক্ষ ৩১ হাজার ৩৭৩ জনের। ৭০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২১৪৬০। এদিন টেস্টিং হয়েছে ৪৩৭৩৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৫৮ শতাংশ।












Click it and Unblock the Notifications