ভাড়া বৃদ্ধির দাবীতে বাস মালিকদের ডাকা বাস ধর্মঘটে চরম ভোগান্তি আম জনতার

সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলে বাস মালিকদের ধর্মঘটের পদক্ষেপের কড়া নিন্দা করেছেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,ভাড়া কোনওভাবেই বাড়ছে না। ভবিষ্যতেও এভাবে আন্দোলন করে ভাড়া বাড়ানো যাবে না।
একইসঙ্গে পরিবহনমন্ত্রীর দাবী, ভাড়া না বাড়ালে যারা বাস চালাতে পারছেন না তারা ছেড়ে দিন। বর্তমান যে ভাড়া রয়েছে তাতে বাস মালিকদের দৈনিক এক থেকে দু হাজার টাকা লাভের অংশ আছে বলেও মন্তব্য করেন তিনি। এমনকী ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন নয়, গণ্ডগোল পাকানোই ধর্মঘটীদের উদ্দেশ্য বলেও অভিযোগ তোলেন তিনি।
ধর্মঘট করে বাসের ভাড়া বাড়ানো যাবে না,এটা ভুল পদক্ষেপ : মদন মিত্র
সোমবার ধর্মঘটের ডাক দেওয়া হলেও রবিবার রাত থেকেই শহরের রাস্তায় বাসের সংখ্যা কমে যায়। সোমবার সপ্তাহের প্রথম দিনে সকালে রাস্তা থেকে বেসরকারি বাস প্রায় উধাও হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় অতিরিক্ত সরকারি বাস নামানো হলেও তা প্রয়োজনের তুলনায় নগন্যই।
এদিকে বাস মালিক সংগঠনগুলির দাবী, ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩- র ডিসেম্বর, ভাড়াবৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে মোট ৪৮ বার চিঠি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। মন্ত্রীর সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে ২২ বার। অথচ সুরাহা হয়নি কিছুই। উল্টে দিনে দিনে ডিজেল ও গাড়ির যন্ত্রাংশের দাম বাড়ছে। তালে তাল মিলিয়ে যদি বাসের ভাড়া না বাড়ে সেক্ষেত্রে বড় লোকসানের মুখে পড়তে হবে সরকারি বাস মালিকদের। এভাবে চললে বাস চালানো সম্ভভ হবে না।
এদিকে পরিবহন দফতরের আধিকারিকদের কথায়, বেসরকারি বাস মালিকরা যদি বাস বন্ধ করে দেয় সরকারি বাস দিয়ে বেসরকারি ও মিনি বাস দিয়ে তার মোকাবিলা করা যাবে না। এপ্রসঙ্গে মদনবাবুর বক্তব্য, ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার পূর্ব শাসকদলের হাত থেকে যে বাস পেয়েছে তার পরিমানও কম ও গুণগত মানও খারাপ। রাতারাতি গাড়ি বাড়ানো সম্ভব নয়। তবে আর কয়েক মাসের পরে বাসধর্মধটের পরিস্থিতি থাকবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications