কালিয়াগঞ্জ-কালিয়াচকের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল! দিল্লি থেকেই মুখ্যসচিব-ডিজির সঙ্গে কথা
কালিয়াগঞ্জ এবং কালিয়াচকের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস! ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে। মঙ্গলবার কার্যত ব্যাপক আকার নিয়েছে এই ঘটনায়।
জ্বালিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জ থানা। এমনকি একাধিক গাড়ি-বাইক পুড়িয়ে দেওয়া হয়। আর ছবি দেখে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন রাজ্যপাল। সেখান থেকেই এই বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করেন বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, রাজ্যের ডিজিপি এবং মুখ্যসচিবের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, সেই ফোনালাপে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার কথাও নাকি মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে রাজ্যপালকে জানান বলে খবর।
শুধু কালিয়াগঞ্জই নয়, মালদহের কালিয়াচকের নাবালিকার আরও এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল বোস। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দিল্লি সফর কাটছাট করেই কলকাতাতে তিনি ফিরছেন বলে জানা গিয়েছে। আজ বুধবার দিল্লিতে একাধিক কর্মসূচি ছিল রাজ্যপাল বোসের।
বেশ কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় শীর্ষ আধিকারিকদের বৈঠকেও বসার কথা ছিল রাজ্যপালে । কিন্তু যেভাবে কালিয়াগঞ্জের ঘটনা ঘিরে মঙ্গলবার পরিস্থিতি ব্যাপক আকার নেয় তাতে তড়িঘড়ি কলকাতাতে ফেরার সিদ্ধান্ত রাজ্যপাল বোস নিয়েছেন বলে জানা গিয়েছে। সম্ভবত আজ বুধবার ভোরের বিমানেই তিনি কলকাতায় ফিরছেন বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, কালিয়াগঞ্জের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে মঙ্গলবার আদিবাসী একটি সংগঠনের থানা অভিযানের কর্মসূচি ছিল। আর তা ঘিরেই রণক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা এলাকা। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় থানাতেও।
আর সেই ঘটনার তথ্য পৌঁছয় রাজ্যপালের কাছেও। আর এরপরেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছে তলব করে রাজভবন। কীভাবে কেন এমন ঘটনা বিস্তারিত ভাবে জমা দেওয়ার কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে নিজে এই বিষয়ে ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কথা বলেন।

থানা জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের তরফে কি ব্যবস্থা তাও জানতে চেয়েছেন রাজ্যপাল বোস। বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে নতুন করে নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত বাড়ছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল বোসের এহেন তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications