Bengal Flood: ঝাড়খণ্ডে নিম্নচাপের জের, বিপর্যয়ে বাংলা, ফুঁসছে দ্বারকেশ্বর-মহানন্দা, একাধিক বাঁধে ফাটল
লাগাতার বর্ষণ চলছে ঝাড়খণ্ডে। বৃষ্টির জেরে রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি গতকাল কয়েক লক্ষ কিউসেক জলছেড়েছে। যার জেরে রাজ্যের ৭ জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মালদহ জেলার পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে।
ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে বাঁকুড়া জেলার একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী থেকে জেলার সব কটি নদীতেই জলস্তর বাড়ছে। কংসাবতী জলাধার থেকেই জলছাড়া অব্যাহত। অন্যদিকে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় সোনামুখী পাত্রসায়র এলাকায় বেশ কিছু কৃষি জমি জলমগ্ন।

জেলা প্রশাসন সূত্রে সোমবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৩৭৫ টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১ হাজার ৩৭২ টি।এই অবস্থায় প্রশাসনের তরফে জেলার বিভিন্ন প্রান্তে ১২ টি ত্রাণ শিবিরে ৬৯০ জন আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসনের তরফে আরো জানানো হয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। একই সঙ্গে প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলেও জানানো হয়েছে। বাঁকুড়া জেলার একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে িগয়েছে। দ্বারকেশ্বর নদের জল বাড়ার কারণে একাধিক সেতু ভেসে গিয়েছে। ফলে বাঁকুড়া শহরের সঙ্গে একাধিক জায়গা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
অন্যদিকে মালদহেও মহানন্দা নদীর জল বাড়ছে। একাধিক জায়গায় মাটির বাঁধে ফাটল দেখা দিয়েছে। ঝাড়গ্রামেও একই পরিস্থিিত তৈরি হয়েছে। জলের তোড় বাড়ছে একাধিক নদীতে। নীচু এলাকা গুলি প্লাবিত হয়েছে। তার জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন ঝাড়খণ্ডে আরও বর্ষণ হবে তাতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications