বাবুলের পাশে জিতেন্দ্র ঘনিষ্ঠ নেতা, তৃণমূলের কর্মিসভায় অনুপস্থিত ১৯ কাউন্সিলরকে ঘিরে জোর জল্পনা
জিতেন্দ্র তিওয়ারিকে নিজের দাদা বলতেন। তাঁরই হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আবার জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়লে সেদিনই তিনি দল ছাড়েন। কাউন্সিলর তথা কুলটির তৃণমূল নেতা অভিজিৎ আচার্যর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তিনি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে সাক্ষাৎ করছেন। ছবি ভাইরাল হতেই জল্পনা রাজনৈতিক মহলে৷ তবে কি এবার বিজেপিমুখী বাপ্পা?

'মনে হচ্ছে উনি আর তৃণমূলে থাকবেন না'
অপরদিকে তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য বলেন, 'ছবি দেখে মনে হচ্ছে উনি তৃণমূলে থাকবেন না আর। উনি দলে ফিরেছেন কি না আমার জানা নেই। তবে উনি চলে গেলে তৃণমূলে কোনও প্রভাব পড়বে না। ওঁর ১০৫ নম্বর ওয়ার্ডটিও আমার নিজের আয়ত্তে আছে।'

কুলটিতে র্মিসভায় অনুপস্থিত তৃণমূলের ১৯ কাউন্সিলর
তবে এরই মাঝে দলীয় কর্মিসভায় অনুপস্থিত থাকলেন তৃণমূলের ১৯ জন কাউন্সিলর। কুলটি বিধানসভা এলাকার ২৭ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলরের ১৯ জনকেই ওই বৈঠকে দেখা গেল না। দলের জেলা নেতৃত্ব এবং বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল সেই কর্মিসভা। যাঁরা আসেননি, তাঁদের মধ্যে দু'জন আসানসোলের প্রাক্তন পুর-প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির অনুগামী বলে দলের অন্দরে পরিচিত। জিতেন্দ্রবাবু কোনও মন্তব্য করতে চাননি।

জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ার পর শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা
উল্লখ্য, জিতেন্দ্র তিওয়ারি দল ছাড়ার পর শুরু হয়েছিল রাজনৈতিক জল্পনা৷ এবার কি বিজেপিমুখী হতে চলেছেন তিনি? সূত্রের খবর, জিতেন্দ্রর বিজেপিতে যোগদান প্রসঙ্গে সরাসরি আপত্তি জানিয়েছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়৷ যদিও জিতেন্দ্র তিওয়ারি নিজে কখনই ইঙ্গিতেও জানাননি যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। জল্পনায় জল ঢেলে তিনি তৃণমূলেই ফিরে এসেছেন।

তৃণমূলে ফিরেছেন কি না তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি
কিন্তু তাঁর ঘনিষ্ট অভিজিৎ আচার্য আর তৃণমূলে ফিরেছেন কি না তার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। দলের তরফেও জানানো হয়নি। ঠিক এই পরিস্থিতিতেই গতকাল অভিজিৎ আচার্যের সঙ্গে বাবুল সুপ্রিয়র একটি ছবি ভাইরাল হয়৷ ছবিতে দেখা যাচ্ছে, বাবুল সুপ্রিয় গাড়িতে বসে আছেন আর অভিজিৎ আচার্য গাড়ির বাইরে থেকে তাঁর সঙ্গে কথা বলছেন। গাড়ির গেট খোলা। ছবিটি কোথায় তোলা তা স্পষ্ট হয়নি। যদিও ছবিতে আসানসোলের আরেক বিজেপি নেত্রী সুধা দেবীকেও দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications