ফের বদল শাহি সফরসূচি, কোন কারণে রবিবারই বাংলায় পা রাখতে চলেছেন অমিত শাহ?
আগে কথা ছিল ১৫ মার্চ রাজ্যে আসবেন অমিত শাহ। তবে হঠাৎই বদলে গেল তাঁর সফরসূচি। জানা গিয়েছে রবিবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার খড়গপুরে রোড শো করবেন বলেও খবর মিলেছে। উল্লেখ্য, খড়গপুরে এবার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ। এদিকে, রবিবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল। আবার, ওই দিনই নন্দীগ্রাম দিবস।

ঝাড়গ্রাম ও রানিবাঁধে সভা করবেন শাহ
রবিবার খড়গপুরে রোড শোয়ের পরের দিন ঝাড়গ্রাম ও রানিবাঁধে সভা করবেন শাহ। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে ঘনঘন আসছেন বিজেপি হেভিওয়েট নেতারা। গতকাল হলদিয়ায় শুভেন্দু অধিকারীর মনোময়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি , ধর্মেন্দ্র প্রধান৷ পাশাপাশি ১৪ ও ১৬ মার্চও রাজ্যে স্মৃতি ইরানী ও যোগী আদিত্যনাথের সভা রয়েছে৷

প্রস্তুতি খতিয়ে দেখতে ঝাড়গ্রামে যান দিলীপ ঘোষ
শুক্রবার দুপুরে ঝড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে অমিত শাহের সভার প্রস্তুতি এবং সাংগঠনিক বৈঠকে যোগদেন করতে আসেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর বিধানসভার বিজেপির তিন প্রার্থী। ভোট কৌশল নিয়েও বিস্তর আলোচনা হয় বলে তিনি জানান৷

২৭ মার্চ ও ১ এপ্রিল ভোটপর্ব চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে
২৭ মার্চ ও ১ এপ্রিল ভোটপর্ব চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে৷ ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি৷ প্রার্থীর নাম ঘোষণার পর এই প্রথম রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তার আগে অমিত শাহর নির্বাচনী সভার প্রস্তূতিপর্ব খতিয়ে দেখতে এবং বিজেপি কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে ঝাড়গ্রাম আসেন দিলীপ ঘোষ৷

দিল্লিতে চলছে বৈঠক
এদিকে ১২০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লি গেলেন রাজ্য বিজেপির প্রতিনিধিরা৷ গতকাল গভীর রাতে চাটার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা৷ আজ রাজধানীতে রুদ্ধদ্বার বৈঠক হবে। সকালে প্রথমে রাজ্য নেতৃত্ব বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশের বাড়িতে বৈঠক করবেন। এর পর দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বঙ্গ নেতৃত্বকে নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হবে।












Click it and Unblock the Notifications