জিতেন্দ্রর গলায় 'জয় শ্রী রাম' স্লোগান শোনা যেতেই গোবরজল দিয়ে চলল শুদ্ধিকরণ
মেলেনি হারানো সম্মান। একেবারে ভোটের মুখে এসে সব জল্পনা সত্যি করে পদ্ম শিবিরেই আসানসোলের প্রাক্তন মেয়র। আজ বিজেপি-তে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি। পরিবর্তন যাত্রার পর বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। আর এরপরই পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয় গোবরজলে শুদ্ধ করল তৃণমূল।

গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি
গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তারপর থেকে তৃণমূল-বিজেপি দুই দলে উচ্ছ্বাস। কোথাও অকাল দীপাবলি, মিষ্টিমুখ। কোথাও বা আবার জিতেন্দ্রর কুশপুতুল পুড়িয়ে আনন্দ প্রকাশ। সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ আচার্যের নেতৃত্বে গতকাল রাতে কুলটির সাঁকতোড়িয়া অঞ্চলে অকাল দীপাবলি পালন করা হয়।

পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয় গোবরজল দিয়ে ধুয়ে 'শুদ্ধ' করল তৃণমূল
অন্যদিকে আজ সকালে আসানসোল সিটি বাসস্ট্যান্ড এলাকায় জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে চলে যাওয়ায় ভিন্ন উচ্ছাস পালন করে মোটর ওয়ার্কার্স কর্মীরা। বিজেপি নেতার কুশপুতুলে জুতোর মালা পরিয়ে তা পোড়ানো হয়। অন্যদিকে পাণ্ডবেশ্বরে ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। এই আবহে বুধবার সকালে তৃণমূলকর্মীরা পাণ্ডবেশ্বরের বিধায়ক কার্যালয় গোবরজল দিয়ে ধুয়ে 'শুদ্ধ' করেছেন।

বিজেপির প্রতি কৃতজ্ঞ জিতেন্দ্র
এর আগে গতকাল বিজেপিতে যোগ দিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, 'মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। গত ২ বছর ধরে প্রকাশ্যে মনের ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। আমি যেটা ভাবব সেটাই বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপির প্রতি কৃতজ্ঞতা।' পাশাপাশি তিনি আশাপ্রকাশ করে বলেন, 'প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।'

উত্তর আসানসোল কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন জিতেন্দ্র
এর আগে তৃণমূল নেত্রীর মনে 'দুঃখ' দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি। এরপর তৃণমূলে থাকার সিদ্ধান্ত নেন তিনি। তবে, আজ দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। সূত্রের খবর, উত্তর আসানসোল কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন তিনি।












Click it and Unblock the Notifications