ভোট প্রচারে তৃণমূলকেই অনুসরণ? বাংলায় ক্ষমতা দখলের রাস্তা বাতলে দিলেন মোদী
নির্বাচনী নির্ঘণ্ট বাজার আগে থেকেই বঙ্গে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছিল। মমতা-অভিষেকের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। তবে গত মাসে হলদিয়াতে এসে প্রধানমন্ত্রী মোদী 'ভাইপো-পিসি' আক্রমণ থেকে শতহস্ত দূরে ছিলেন। এবার বঙ্গ বিজেপির নেতৃত্বকেও নেতিবাচক প্রচার থেকে দূরে থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের ক্ষেত্রেও প্রধানমন্ত্রী একই নির্দেশ দিয়েছেন বলে খবর।

প্রার্থী তালিকা প্রকাশের পালা বিজেপির
এদিকে এবার প্রার্থী তালিকা প্রকাশের পালা বিজেপির। কার প্রার্থী তালিকায় কত চমক থাকবে, তা নিয়েই গত কয়েকদিন ধরে ব্যস্ত ছিল শাসক-বিরোধী সব দল। আর এ বারের নির্বাচনকে নতুন রঙে রাঙিয়েছে তারকার মেলা। তৃণমূল হোক বা বিজেপি প্রায় নিত্যদিনই রাজনীতির আঙিনায় ধরা দিচ্ছে গ্ল্যামার জগত্।

কীভাবে কাজে লাগানো হবে তারকাদের?
দলগুলি সেই তারকাদের কীভাবে কাজে লাগায় তাই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। তৃণমূল ইতিমধ্যে বেশ কয়েকটি আসনে তারকা প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এদিকে সূত্রের খবর, তারকা প্রার্থীর তাসেই বাজিমাত্ করতে তত্পর বঙ্গ বিজেপিও। শোনা যাচ্ছে, ২৫ জন তারকাকে প্রার্থী করতে চেয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

ঝাঁকে ঝাঁকে তারকা সমাবেশ
২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে রাজনীতির রঙ ছাড়াও আলাদা রঙ এনে দিয়েছে ঝাঁকে ঝাঁকে তারকা সমাবেশ। টলিপাড়ার অনেককেই আগেও শাসক দলে বা গেরুয়া শিবিরের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে দেখা গিয়েছে। তবে ভোটের মুখে সেই প্রবণতা বিস্ফোরণের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কেউ জার্সি বদল করে, কেউ রাজনীতিতে অভিষেক ঘটিয়ে নেমে পড়েছেন ভোটের ময়দানে। সিনেমা থেকে সিরিয়াল, অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী - বাদ নেই কেউই। স্বাভাবিক ভাবেই এই তারকারা নির্বাচনে কতটা গুরুত্ব পান, তা নিয়ে উত্সাহ চরমে। শাসক দলের প্রার্থী তালিকাতেও তারকা চমক থাকতে পারে বলে খবর। একই পথে হাঁটছে বিজেপিও।

২৫ জন তারকাকে প্রার্থী করতে চায় বঙ্গ বিজেপি
সূত্রের মারফত্ জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রের প্রায় ২৫ জন তারকাকে প্রার্থী করতে চেয়ে দিল্লির নেতাদের কাছে আবেদন করেছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। এই তারকা প্রার্থীদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাতে। এবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলেই জানা যাবে যে তারাও তৃণমূলের পথ অনুসরণ করল কি না।

বিজেপির সম্ভব্য তারকা প্রার্থী তালিকা
অশোক দিন্দা, রুদ্রনীল ঘোষ, শ্রবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঞ্জনা বসু, কাঞ্চনা মৈত্র, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রিমঝিম মিত্র, অগ্নিমিত্রা পল, কল্যাণ চৌবে, সুমন বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠী দুলে, জ্যোতির্ময়ী শিকদার, হিরণ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, পার্ণো মিত্র, পিঙ্কি প্রামাণিক, পাপিয়া অধিকারী, জয় বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, কৌশিক রায়, রূপা ভট্টাচার্য, সৌমিলী ঘোষ বিশ্বাস, যশ দাশগুপ্ত, শর্বরী মুখোপাধ্য়ায়, সংঘমিত্রা চৌধুরী।












Click it and Unblock the Notifications