ধাক্কা খেয়েই চলেছে মিম! মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে শতাধিক, কতটা চিন্তায় বিজেপি?
ভোটের ময়দানে নামার আগেই জোর ধাক্কা খেল অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)৷ মিম থেকে আজ তৃণমূলে যোগ দিল মালদা জেলার ১০টি ব্লকের প্রায় ২০০ কর্মী৷ তাঁদের মধ্যে কয়েকজন ব্লক নেতাও রয়েছেন৷ মিমের ভাঙন একুশের ভোটে শাসকদলকে খানিকটা অক্সিজেন জোগাল বলে মনে করছে রাজনৈতিক মহল৷

জোটবদ্ধ তৃণমূল!
আজ মালদা টাউন হলে আয়োজিত এই দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারফ হোসেন, দুলাল সরকার, সাবিনা ইয়াসমিন, প্রসেনজিৎ দাস সহ আরও অনেকে৷

৮৫ শতাংশ মিম নেতা-কর্মী তৃণমূলে
জেলার ১০টি ব্লকের দলীয় সভাপতিদের সঙ্গে নিয়ে ঘাসফুলের পতাকা তুলে নেন মিমের মালদা জেলার অন্যতম নেতা সাবির আহমেদ৷ তাঁদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন মৌসম৷ তৃণমূলে যোগদানকারী নেতার দাবি, জেলার ৮৫ শতাংশ মিম নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছে৷ বাকি ১৫ শতাংশও তৃণমূলে চলে আসবে৷ একুশের ভোটে মিম এই জেলায় কোনও প্রভাবই ফেলতে পারবে না।

মমতার সফরের আগে বিজেপির কপালে চিন্তার ভাঁজ
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের নিরিখে মালদার ১২টি আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে বিজেপি। মিম-এর মাধ্যমে মেরুকরণের রাজনীতি বাস্তবায়িত করা গেলে আসন্ন বিধানসভায় মালদায় ভালো ফল করার আশা করছিল বিজেপি। তবে এখন বিজেপির সেই সমীকরণ ফলপ্রসু নাও হতে পারে। এদিকে নির্বাচনী সফরে আগামীকাল মালদায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে গাজোল কলেজ ময়দানে সভা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে। সভা হচ্ছে মালদা শহরের কেন্দ্রস্থলে। আদিবাসী ও মতুয়া অধ্যুষিত গাজোল থেকে কেন ওই সভা সরিয়ে নেওয়া হল তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।

কেন মালদা শহরকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী?
এদিকে সম্প্রতি ওই কেন্দ্রের বিধায়ক দীপালি বিশ্বাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহল বলছে, এই পরিস্থিতিতে গাজোলের সভা আসন্ন নির্বাচনে দলের পক্ষে কতটা ফলদায়ক হতে পারে তা নিয়ে সম্ভবত সন্দেহ রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমোর। এদিকে টিম পিকের সমীক্ষা অনুযায়ী, ইংরেজবাজার কেন্দ্রটি দলেরই দুই অন্যতম নেতার দ্বন্দ্বে হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলায় প্রথম নির্বাচনী সভার জন্য মালদা শহরকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী।












Click it and Unblock the Notifications