মোদীর বঙ্গ সফরের আগে তৈরি রণকৌশল, রাজীব-শুভেন্দুকে কোন নির্দেশ দিল্লির বৈঠকে?
২০২১-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে মঙ্গলবার দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসে। বৈঠকে ডাক পান শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে ফিরে সেই বৈঠকের বিষয়বস্তু নিয়ে মুখ খোলেন রাজীব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন, মোদীর বঙ্গ সফরের আগে পরিবর্তন যাত্রার দায়িত্ব বণ্টন নিয়েই ছিল আলোচনা।

কী বললেন রাজীব?
এদিন দিল্লি থেকে ফিরে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগের দিনই রাজ্যে পরিবর্তন যাত্রা শুরু হবে, তা নিয়ে এদিন আলোচনা হয়। তাছাড়া আরও অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে।যদিও তা নিয়ে জনসমক্ষে মুখ খোলা যাবে না। এটা দলের অভ্যন্তরীণ বিষয়।' এদিকে এদিন কোর কমিটির বৈঠকের পর পাঁচ মিনিটের জন্য অমিত শাহের সঙ্গে নর্থ ব্লকে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। দেখা করেন আরএসএস প্রধান মোহন ভাগওয়াতের সঙ্গেও।

রাজ্যে হিংসার রাজনীতির বাতাবরণ রয়েছে
রাজ্যে হিংসার রাজনীতির বাতাবরণ। বৈঠকে নতুন স্ট্র্যাটেজি ঠিক হয়েছে৷ দিল্লির বৈঠক সেরে কলকাতায় ফিরে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মূলত পরিবর্তন যাত্রা কোথায়, কীভাবে হবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে৷ বাকিটা বলা যাবে না৷' এরপরই বলেন, 'রাজ্যে হিংসার রাজনীতির বাতাবরণ রয়েছে। ফলে নতুন নতুন স্ট্র্যাটেজি তো করতেই হবে৷ আমরা হিংসা চাই না। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই।'

কে কে ছিলেন কোর কমিটির বৈঠকে?
জানা গিয়েছে, এদিনে কোর কমিটির বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণত সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ উপস্থিত ছিলেন। দিল্লিতে এই ধরনের সভায় এই প্রথম ডাক পান শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজ্যজুড়ে রথযাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি
রাজ্যের বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে। বিজেপি সূত্রে খবর, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার কী কী বিষয় থাকবে, তৃণমূলকে টেক্কা দিতে ২০২১-এর বিধানসভা ইস্তাহার কীভাবে সাজানো হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রা (পরিবর্তন যাত্রা) কর্মসূচি নিয়েছে বিজেপি।

প্রার্থী তালিকা তৈরি করার বিষয়ে কী গাইড-লাইন মানা হবে?
বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন মজবুত হলেও দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা ও কলকাতার শহরতলির ৫১টি বিধানসভা কেন্দ্রে বিজেপি রথযাত্রা করলে কোনও বাধার সম্মুখীন হতে পারে কি না সেই নিয়েও আলোচনা হবে। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি করার বিষয়ে কী গাইড-লাইন মানা হবে, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে এই বৈঠকে।

মেদিনীপুরে যাবেন নরেন্দ্র মোদী
বিজেপি সূত্রে খবর, ৭ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে ভারত পেট্রলিয়ামের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সরকারি প্রকল্প উদ্বোধন করার কথাও রয়েছে তাঁর। হলদিয়ায় একটি জনসভা করার বিষয়ে নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছে রাজ্য নেতৃত্ব। সব ঠিক থাকলে ওইদিন হলদিয়ায় সভা করতে পারেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, বিজেপির তরফে জানানো হয়েছে, পাঁচটির মধ্যে একটি রথযাত্রার উদ্বোধন করতে পারেন মোদী।












Click it and Unblock the Notifications