'স্ত্রী রোগ' নিয়ে পার্থ চট্টোপাধ্যায় আতঙ্কিত: এদ্দিন একজন মহিলা নেত্রীর সঙ্গে কাজ করেও এই মানসিকতা?
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক নতুন 'সমস্যা' দেখে "আতঙ্কিত"।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক নতুন 'সমস্যা' দেখে "আতঙ্কিত"। সম্প্রতি 'পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি'-র একটি জরুরি সভায় মন্তব্য করেন যে "এত বেশি মহিলা শিক্ষিকা স্ত্রী রোগে ভুগছেন যে তিনি আতঙ্কিত হয়ে পড়ছেন"। পার্থ বাবুর এই মন্তব্য শিক্ষক বদলির প্রসঙ্গ নিয়ে। মহিলাদের সাধারণ ঋতুকালীন সমস্যাকে তিনি ব্যঙ্গ করেছেন বলে পার্থর সমালোচনা করা হয়।

কয়েকজনকে কথা শোনাতে চেয়ে সকলকেই অপমান করলেন শিক্ষামন্ত্রী?
এখানে প্রশ্ন ওঠে, যদি কিছু শিক্ষক-শিক্ষিকা স্বাস্থ্য নিয়ে মিথ্যে বলেও থাকেন বদলির আশায়, তাহলেও শিক্ষামন্ত্রী সমস্ত শিক্ষিকা সম্প্রদায়কে এমন কথা বলেন কীভাবে? তিনি কি জানেন না প্রাকৃতিক নিয়মেই মহিলাদের কিছু সমস্যা হয় এবং সেটা স্বাভাবিক? বদলির ব্যাপারে অনেকে শরীর খারাপের কথা বানিয়ে বললে তা নিয়ে আলাদা করে তদন্ত করান শিক্ষামন্ত্রী। সকল শিক্ষিকাকে নিয়ে এমন কটাক্ষ করার অধিকার তাঁকে কে দিল? এমনকি, নজরুল মঞ্চে মন্ত্রীর ওই মন্তব্যের পরে হাততালি এবং হাসির রোলও শোনা গিয়েছে। আমাদের সামাজিক সুস্থতার নমুনাও এখানে বোধগম্য।
একজন মহিলা নেত্রীর সংস্পর্শে থেকেও এত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য?
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেখানে পার্থ চট্টোপাধ্যায় একজন মহিলা নেত্রীর সংস্পর্শে এত বছর কাটিয়েছেন এবং সুদূর ভবিষ্যতেও কাটাবেন বলে আশা করা যায়, সেখানেও তিনি এত অসংবেদনশীল কথা বলেন কী প্রকারে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বিতর্কিত কথা বলার জন্যে কোনও প্রতিক্রিয়া জানিয়েছেন কি না জানা নেই, কিন্তু যদি না করে থাকেন তাহলে সেটাও ন্যায়বিচার হয়নি। কেউ যদি মানুষকে ন্যূনতম শ্রদ্ধা দেখানোর শিক্ষা না পেয়ে থাকেন, তাহলে তাঁকে শিক্ষিত করে তোলা বড়দেরই কাজ।
পার্থবাবুকে যখন দলীয় রাজনীতি নিয়ে কথা বলতে দেখা যায় তখন তিনি অনেকটাই প্রাঞ্জল দেখান। মুকুল রায় বা বিজেপিকে আক্রমণ করার সময়ে তাঁর কণ্ঠের কটাক্ষ রীতিমতো বেগবান থাকে। কিন্তু প্রশাসক হিসেবে যখন কথা বলতে বা কাজ করতে যান, তখন তাঁর মুখে বিতর্কের রেশ লেগে থাকে কেন? তবে কি তিনি কাজটা সামলে উঠতে পারছেন না?
আর তাছাড়া বিজেপিকেও বা মনুবাদী বলেন কী করে তৃণমূলের বড় নেতারা? তাঁদের মধ্যেও তো নারীবিদ্বেষী সুর খুব কম দেখা যায় না।












Click it and Unblock the Notifications