জঙ্গিপুরের মামলায় রাজ্যের ডিজিকে সমন হাইকোর্টের
জঙ্গিপুরের মামলায় রাজ্যের ডিজিকে সমন হাইকোর্টের
মুর্শিদাবাদের জঙ্গিপুরের জামিন সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা সহ তলব কলকাতা হাইকোর্টের।
আগামী ১৩ ডিসেম্বর এই মামলায় হাজির হয়ে রাজ্যের ই-কোর্ট চালুর বর্তমান পরিস্থিতি কী, তা হলফনামা সহ জানাতে হবে।

সোমবার আদালতে উপস্থিত হয়ে জানানোর এই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।
এর আগেও গত ৪ তারিখ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের ডিজি ও কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই সংক্রান্ত বিষয়ে হলফনামা চেয়েছিল। রেজিস্টার জেনারেল এই সংক্রান্ত বিষয়ে হলফনামা দিয়ে জানিয়েছিলেন, ইতিমধ্যেই রাজ্যজুড়ে ই-কোর্টের পরিষেবা চালু হয়ে গিয়েছে। শুধুমাত্র বেশ কিছু জায়গায় এখনও পরিকাঠামোর ত্রুটির কারণে এই পরিষেবা চালু করা যায়নি। তবে রেজিস্ট্রার জেনারেল এই সংক্রান্ত বিষয়ে হলফনামা দিলেও রাজ্য পুলিশের ডিজি কাছ থেকে কোন হলফনামা পায়নি হাইকোর্ট।
২০১৮ সালে জঙ্গিপুরের বাসিন্দা নাজির মোমিনের স্ত্রীকে মারধর করে খুনের অভিযোগ ওঠে নাজিরের বিরুদ্ধে। এই ঘটনার পর অভিযুক্ত সহ তার বাড়ির লোকদের গ্রেপ্তার করে জঙ্গিপুর থানার পুলিশ। কিন্তু ৩২৬ দিন জেলে থাকার পরেও নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন তাঁকে হাজির করতে পারেনি পুলিশ।
পুলিশের দাবি, পরিকাঠামো ত্রুটির জন্য তাকে হাজির করা সম্ভব হয় নি। এই মামলায় জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হয় নাজির। এই মামলায় ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে জানতে চায়, প্রত্যেকটি আদালতে ই-কোর্টের ব্যবস্থা থাকার সত্ত্বেও কেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা গেল না? কারাগারে কেন ই-কোর্টের প্রযুক্তি ব্যবহার করে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না, সেটাই জানতে চেয়ে হলফনামা চায় আদালত।












Click it and Unblock the Notifications