'গুন্ডামি করতে এলে পা দিয়ে টিপে শেষ করে দেব', ভোটপ্রচারে খড়্গপুরে ফের কুকথা দিলীপের মুখে
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের পুরী গেটে বিজেপি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি সভার আয়োজন করা হয়েছিল। এই সভা মঞ্চে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ বলেন, খড়গপুরে যারা ছোট ছোট মাফিয়া ছিল, তারা আজ ঠান্ডা হয়ে গিয়েছে। কেউ উপরে চলে গিয়েছে, কেউ জেলে আছে। তাই তৃণমূল আর এখানকার গুন্ডা দিয়ে পারবে না। পা দিয়ে টিপে শেষ করে দেব আমরা।

বিরোধীদের কটাক্ষ
নাম না করে বাইরের জেলা থেকে প্রচারে আসা তৃণমূল নেতাদের কটাক্ষ করে দিলীপ বলেন, গুন্ডা মাফিয়া নিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। সে এখানে এসে ভাষণ দিচ্ছে 'হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা'। অনেক লোকের নাক ঘষে দিয়েছি এই মাটিতে। তোমাকেও ঘষে দেব।

দিলীপের হুমকি
দিলীপের হুমকি, ভোটে গন্ডগোল করতে আসবে তো বটে। কিন্তু যাবে কিনা আমরা ঠিক করে দেব। লোক আনার সময় গুনে গুনে নিয়ে আসবেন। ফেরার সময় আবার গুনে নেবেন, ক'টা থেকে গেল, ক'টা নিয়ে গেলেন। ট্রেনে আসুন, বাসে আসুন, গাড়িতে আসুন। কিন্তু গন্ডগোল করলে ফিরতে হবে খাটিয়ায় করে। রেলের হাসপাতাল, মহাকুমা হাসপাতালে এখন থেকে বেড বুক করে রাখার পরামর্শও দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপের চ্যালেঞ্জ
প্রদীপ সরকারকে লাগাতার দু'বার হারাব। এই বিধানসভায় হারাব, আগামী বছর পুরসভায় হারাব। শখ মিটিয়ে দেব ভোটে দাঁড়ানোর। খড়্গপুরে কেউ যদি চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে ভোট করার চেষ্টা করছেন তাকে বলে দিন এটা খড়্গপুরের লাল মাটি। লাল চোখ আমরা দেখতে চাই না কারও। আমরাও লাল চোখ দেখাতে পারি।












Click it and Unblock the Notifications