বঙ্গ বিজেপির ডামাডোল ফের প্রকাশ্যে, দল বাঁচাতে নতুনকে সরিয়ে আহ্বান পুরনোকে ফেরানোর
বঙ্গ বিজেপির ডামাডোল ফের প্রকাশ্যে, দল বাঁচাতে নতুনকে সরিয়ে আহ্বান পুরনোকে ফেরানোর
বঙ্গ বিজেপিতে ফের শুরু হয়ে গেল সংগঠনিক কোন্দল। রাজ্য সভাপতি নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব তো আছেই, দ্বন্দ্ব রয়েছে সাংগঠনিক সাধারণ সম্পাদককে নিয়ে। এবার বিজেপিকে বাঁচাতে পূর্ববর্তী সাধারণ সম্পাদককে ফেরানোর ডাক দিল একাংশ। জেলায় জেলায় পড়ল পোস্টার। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে ফের শুরু হয়ে গেল।

একুশের নির্বাচনের পরাজয়ের পর নেতৃত্বে বদল এসেছিল বঙ্গ বিজেপিতে। কিন্তু নেতৃত্ব বদল হলেও হাল ফেরেনি বাংলায় বিজেপির। ঘুরে দাঁড়ানো দূর অস্ত। একের পর এক নির্বাচনে জুটেছে হার। সে উপনির্বাচন হোক বা পুরসভা নির্বাচন- একেবারে নাস্তানাবুদ হতে হয়েছে বিজেপিকে। বিজেপি কামব্যাকের কোনও রাস্তা বের করতে পারেনি। তাই বিজেপিতে আবার উঠে পড়েছে নেতৃত্ব বদলের স্লোগান।
এবার বঙ্গ বিজেপিতে দাবি উঠেছে, সাধারণ সম্পাদক (সংগঠন) পদ থেকে অব্যাহতি দেওয়া হোক অমিতাভ চক্রবর্তীকে। তাঁর জায়গায় ফিরিয়ে আনা হোক পূর্ববর্তী সাধাররণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়কে। বিজেপির একাংশের বিশ্বাস, তিনিই বিজেপিকে ফের গুরুত্বের আসনে ফেরাতে পারেন। তাঁকে ফেরানোর দাবিতেও পোস্টার পড়েছে জেলায় জেলায়।
বিজেপির একাংশ মনে করছে, ২০১৯-এর লোকসভায় যে বিজেপি প্রভূত সাফল্য পেয়েছিল, তাঁর নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। তাঁর সাংগঠনিক দক্ষতার জেরে বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছিল। আর তিনি বঙ্গ বিজেপির ওই পদ থেকে সরে যাওয়ার পর থেকেই পদস্পখন শুরু হয়েছে। ২০২১-এ অনুকূল অবস্থাতেও বিজেপি তৃণমূলকে হারাতে পারেনি। একুশের পর থেকে তলিয়ে যেতে শুরু করেছে ক্রমশ।

দিলীপ ঘোষকে বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে অনেক আশা নিয়ে নতুনকে বরণ করে নিয়েছিল বঙ্গের গেরুয়া শিবির। তরুণ তুর্কি সুকান্ত মজুমদারের হাতে বঙ্গ বিজেপিকে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলার যুব সমাজকে তারা আকর্ষণ করতে পারেনি এই সিদ্ধান্তে। অমিতাভ চক্রবর্তী আগে থেকেই ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন পদে। তিনিও সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাতে পারেননি।
এই পরিস্থিতিতে সম্প্রতি বিভিন্ন স্টেশন চত্বরে, ফ্লাইওভারে পোস্টার পড়েছে অমিতাভের জায়গায় সুব্রত চট্টোপাধ্যায়কে ফেরানোর। কাঁচরাপাড়া, মগরা, পূ্র্ব বর্ধমান, কল্যাণীতে পড়ল এই পোস্টার। পোস্টরে লেখা- বঙ্গ বিজেপিকে বাঁচাতে চাই। বঙ্গ বিজেপির হাল ফেরাতে ১৮ লোকসভা আসন জয়ের অন্তরালে কারিগর সুব্রত চট্টোপাধ্যায়কে অবিলম্বে সংগঠনের ফেরাতে হবে। পোস্টারে উল্লেখ রয়েছে এমনই। অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অনাস্থা রয়েছে দলেই। বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকট হয়ে উঠেছে পঞ্চায়েত নির্বাচনের আগে।

এখানে উল্লেখ্য, অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপির একাংশের অনাস্থা দীর্ঘদিনের। এরই মধ্যে তাঁর ক্ষমতা একটু খর্ব করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনা হয়েছে সতীশ ধন্দকে। তারপর ফের পোস্টার পড়ল অমিতাভ চক্রবর্তীকে সরানোর। এই পোস্টারের ফলে পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপি চরম অস্বস্তিতে পড়েছে।












Click it and Unblock the Notifications