'বাংলা পাকিস্তান হয়ে গিয়েছে', মোদীর সভায় লাঠি হাতে আসার পরামর্শ রাহুল সিনহার
রাহুল সিনহা দুর্গাপুরে বিতর্ক উসকে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আগামী ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা নিয়ে অনেকদিন ধরেই আয়োজন ও প্রস্তুতি শুরু করেছে বিজেপি। মাঠ পরিদর্শন থেকে প্রধানমন্ত্রীর হেলিপ্যাড রাখার জায়গা সবকিছু নিয়েই গেরুয়া শিবির জোর ব্যস্ত।

এরই মধ্যে বিজেপি নেতা তথা অন্যতম সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা দুর্গাপুরে প্রস্তুতি দেখতে এসে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তিনি বিতর্ক উসকে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রাহুল সিনহার অভিযোগ, বাংলা এখন পাকিস্তান হয়ে গিয়েছে। তাই ২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সভায় কর্মী-সমর্থকদের লাঠি হাতে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার বিজেপির সভার অনুমতি দেওয়া হচ্ছে না। সভা ভণ্ডুল করার চেষ্টা করছে প্রশাসন। এমনকী বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগও উঠেছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই লাঠি হাতে সভায় আসার পরামর্শ রাহুল দিয়ে থাকতে পারেন।
দুর্গাপুরের সভার পাশাপাশি বনগাঁতেও একই দিনে প্রধানমন্ত্রী সভা করবেন। দুর্গাপুরে শেষ অবধি নানা টালবাহনার পরে নেহরু স্টেডিয়ামে সভা হবে বলে স্থির হয়েছে। তবে তার আগেই রাহুলের মন্তব্য ফের বিতর্কের সূত্রপাত করল বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications