নির্বাচনের আগে ফের পুলিশে বড়সড় রদবদল, একসঙ্গে পাঁচ ডিআইজি অপসারণে কমিশনের কড়া পদক্ষেপ
নির্বাচন ঘিরে প্রশাসনিক রদবদলে ফের বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আর এক দফা রদবদলের সিদ্ধান্তে একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজিকে অপসারণ করে নতুন আধিকারিকদের নিয়োগের নির্দেশ জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালেই নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন, যা কার্যত প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করল।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি এই পাঁচ রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ করা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জে দায়িত্ব পেয়েছেন ২০০৯ ব্যাচের আইপিএস অমিতকুমার ভরত, যিনি এর আগে ট্রাফিক ও রোড সেফটির ডিআইজি পদে কর্মরত ছিলেন। মুর্শিদাবাদে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন ২০১১ ব্যাচের আইপিএস অজিত সিংহ যাদব।

জলপাইগুড়িতে ডিআইজি পদে আনা হয়েছে অঞ্জলি সিংহকে, যিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে ছিলেন। একইভাবে বর্ধমান রেঞ্জে শ্যাম সিংহের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডে কে। প্রেসিডেন্সি রেঞ্জ, যা দক্ষিণ ২৪ পরগনা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত, সেখানে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন কঙ্কর প্রসাদ বারুই।
কমিশন স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে ও বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের রিপোর্ট জমা দিতে হবে। যাঁদের পদ থেকে সরানো হয়েছে, তাঁদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বে রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশ প্রশাসনে একের পর এক রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। এর আগে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার পদে বদল আনা হয়। পাশাপাশি এক ধাক্কায় একাধিক পুলিশ সুপার, ডিসি সহ শীর্ষ পর্যায়ের আধিকারিকদেরও সরানো হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের এই ধারাবাহিক পদক্ষেপ যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications