'বেচারামকে কড়া বার্তা দেওয়ার মতো কোনও নেতা তৈরি হয়নি,' ফেসবুক পোস্ট করেও ডিলিট করলেন মান্না
'বেচারামকে কড়া বার্তা দেওয়ার মতো কোনও নেতা তৈরি হয়নি,' ফেসবুক পোস্ট করেও ডিলিট করলেন মান্না
বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন বেচারাম মান্না৷ বৃহস্পতিবার ফেসবুকে বেচারাম মান্নার একটি পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। যেখানে তিনি একটি সংবাদমাধ্যমের খবরকে উদ্ধৃত করে নাম না করে বেশ কিছু নেতার নামে কড়া অভিযোগ করেছেন৷ যদিও কিচুক্ষণের মধ্যেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে দেওয়া হয়৷ এবং এ বিষয়ে ওয়ান ইন্ডিয়া বাংলা-র পক্ষ থেকে তাঁকে ফোন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন৷

রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী ও পরিচিত তৃণমূল নেতা বেচারাম মান্নার একটি ফেসবুক পোস্ট বৃহস্পতিবার ফেসবুকে ভাইরাল হয়েছে। যেখানে বেচারাম লিখেছেন, 'আমি এমন কিছু দলবিরোধী কাজ করিনি বা আগামীদিনেও করবো না, যা কড়া বার্তা দেওয়ার মতো পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হবে না (পড়ুন পরিস্থিতি ভবিষ্যতে তৈরি করবে)।'
তবে এখানেই থামননি বেচারাম, ওই পোস্টের পরের অংশেই দলের নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তিনি৷ পোস্টে তিনি লিখেছেন,
'বেচারাম মান্নাকে কড়া বার্তা দেবার মতো কোনো নেতা তৈরি হয়নি৷ কোন নেতা বার্তা দেবে? যে নেতা জনগনের কথা ভাবে না সেই নেতা? সাজুগুজু করা, ফেসপাউডার মাখা নেতা? যে বাবা মা কে দেখে না সেই নেতা? যে বাবার মুখাগ্নি করেনি সেই নেতা? কোন নেতা? যে নোতা হুগলীর সংগঠনকে প্রেমলীলাতে পরিনত করেছে, সেই নেতা? যে নেতা সাংগঠনিক জেলার দায়িত্ব পাবার পর সংগঠনের কোনও কর্মসূচী নেয় না, সেই নেতা? যে নেতা সামনে ভালোবাসা আর পিছনে ছুরি মারে, সেই নেতা? কিছু সাংবাদিককে পয়সা দিয়ে সংবাদপত্রে থাকতে চায়, সেই নেতা? সাধারণ মানুষের কাছে আমার আবেদন এই সমস্ত নেতাদের চিনে নিন। আমি যা করেছি মানুষের স্বার্থে করেছি৷ দিদির নির্দেশে মানুষকে নিয়ে করেছি৷'

কিছুক্ষণ পর পোস্টটি আর বেচারাম মান্নার ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এ বিষয়ে তথ্য জানতে ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে বেচারাম মান্নাকে ফোন করা হলে তিনি বলেন, 'আমি এ ব্যাপারে কিছু না। চ্যাপ্টার ক্লোজড' বলেই তিনি ওয়ানইন্ডিয়া বাংলার প্রতিনিধির ফোন কেটে দেন৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তাঁর পোস্টের পরই দলের অভ্যন্তরে আলোচনা ও তাঁর (বেচারামের) মানভঞ্জন করা হয়েছে। তাই তিনি পোস্ট ডিলিট করেছেন৷ যদিও বেচারাম বাবুরই জেলা, হুগলির তৃণমূল সভাপতি স্নেহাশিস চক্রবর্তীকে এ বিষয়ে তাঁর মতামত জানতে ফোন করা হলে তিনি ফোন তোলেননি৷
(বেচারাম বাবুর ফেসবুক পোস্টের ভাইরাল হওয়া স্ক্রিনশটে যে রকম লেখা রয়েছে তা হুবহু তুলে ধরা হয়েছে৷ ওয়ানইন্ডিয়া বাংলা বেচারাম মান্নার ফেসবুক পোস্টটিকে কোনও রকম সম্পাদনা করেনি৷ কিংবা এই পোস্টটির সত্য-মিথ্যা বিষয়ে কোন রকম মন্তব্য করে না ওয়ানইন্ডিয়া বাংলা৷)












Click it and Unblock the Notifications