মহিলাদের বিক্ষোভে পালালেন বিডিও! শুভেন্দুর খোঁচা 'আমাদের পাড়া, তৃণমূল তাড়া'
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়েছে এক মাসের বেশি সময় ধরে। রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির ব্যাপক সাফল্যের প্রচার করছে রোজই।
কিন্তু এই কর্মসূচিরই একটি শিবিরে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন বিডিও। মহিলাদের প্রবল বিক্ষোভের জেরে শেষমেশ পালাতেও বাধ্য হলেন।

তেমনই দাবি করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা, 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি এখন 'আমাদের পাড়া, তৃণমূল তাড়া'-তে পরিণত হয়েছে।
ঘটনা নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে। রাস্তা নিয়ে বিক্ষোভের মুখে বিডিও। কিছুক্ষণ তালাবন্ধ অবস্থাতেও থাকতে হলো। পুলিশ প্রশাসনের সহযোগিতায় গতকাল শেষ পর্যন্ত এলাকা ছেড়ে দৌড় লাগালেন বিডিও।
কেন সংস্কার করা হয়নি রাস্তা? প্ল্যাকার্ড হাতে তার জবাবদিহি চাইতে শিবিরে হাজির হন প্রায় শতাধিক মহিলা। বিক্ষোভ চলাকালীন তালাবন্ধ করে বিডিও, পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যদের তাঁরা আটকে রাখেন প্রায় ঘন্টা দেড়েক। খবর পেয়ে পুলিশও যায় ঘটনাস্থলে। পুলিশ ও প্রশাসনিক কর্তারা অনেক বোঝানোর পর বিক্ষোভকারীরা তালা খুলে দিলেও দাবি থেকে সরতে নারাজ।
বিডিও বাইরে বেরোলে ফের তাঁকে ঘিরে ধরে জানতে চান, কবে রাস্তা সংস্কার হবে। মহিলাদের মাঝে ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে পালান বিডিও। বিডিও-কে দৌড়ে পালাতে দেখে বিক্ষোভকারীরাও প্ল্যাকার্ড হাতে তাঁর পিছনে দৌড়তে থাকেন। অবশেষে বিডিও দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বেরিয়ে যান।
বিক্ষোভকারী মহিলাদের কথায়, 'খারাপ রাস্তার জন্য গ্রামে গাড়ি তো দূরের কথা অ্যাম্বুল্যান্সও ঢোকে না। ফলে অসুস্থ হলে রোগীদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয় ডুলিতে। প্রসূতি মায়েদের নিয়ে যেচে চূড়ান্ত সমস্যায় পড়তে হয়। যতবার দাবি জানিয়েছি ততবার সান্ত্বনা বাক্য ছাড়া কিছু মেলেনি। তাই বাধ্য হয়ে শিবিরে দাবি জানাতে এসেছি।'
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, "আমাদের পাড়া আমাদের সমাধান - বিক্ষোভের ভয়ে দৌড়ে বিডিও সাহেবের অন্তর্ধান !!!
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের শহর থেকে গ্রাম রাজ্যের হাল বেহাল। তার ১০০% কাজ হয়ে যাওয়ার দাবি আসলে পুরোপুরি ভাঁওতা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছেন, তাই দিকে দিকে এই রকম স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে। ভোটের মুখের চমক 'আমাদের পাড়া আমাদের সমাধানের' থেকে 'আমাদের পাড়া, তৃণমূল তাড়া' কর্মসূচিতে পরিণত হয়েছে।"












Click it and Unblock the Notifications