বঙ্গোপসাগরেই কেন বাসা বাঁধে বিধ্বংসী সব ঘূর্ণিঝড়, পরিসংখ্যানে শিউরে উঠবেন
বারবার বঙ্গোপসাগরেই বাসা বাঁধে বিধ্বংসী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের পরিবেশ ও গঠন ঘূর্ণিঝড়কে অতি প্রবল রূপ দেওয়ার উপযোগী। সেই কারণে বছরের পর বছর বঙ্গোপসাগরে ঘটে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মোখা যখন বিধ্বংসী রূপ নিতে চলেছে, তখনই আবহবিদরা জানালেন বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় প্রবণতার কথা।
আবহবিদরা জানান, বঙ্গোপসাগর জলোচ্ছ্বাস অন্যান্য সাগরের তুলনায় বেশি। এই সামুদ্রিক জলোচ্ছ্বাস সবথেকে ভয়ঙ্কর হয়ে ওঠে বঙ্গোপসাগরের অবতল আকৃতির কারণে। এটি তুলনায় অগভীর এবং অবতল আকারের উপসাগর। ফলে ঝড়-ঝঞ্ঝা এই সাগরে বেশি।

পরিসংখ্যান বলছে বিশ্বের ইতিহাসের যত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, তার বেশিরভাগই হয়েছে এই বঙ্গোপসাগরে। ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামে একটি ওয়েবসাইট প্রকাশ করেছিল বিশ্বের ৩৫টি ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়ের তালিকা। সেই তালিকায় ২৭টি ঘূর্ণিঝড়ই ছিল বঙ্গোপসাগরে।
এই পরিসংখ্যানই প্রমাণ করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাস ভয়ঙ্কর হয়ে ওঠে ফানেলের মতো বঙ্গোপসাগরের গঠনের কারণে। ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন সাগরের জলে ধা্ককা মারে তখন তীব্র জলোচ্ছ্বাস হয়। আর ঘূর্ণিঝড়ের ফলে ভয়ঙ্কর চেহারা নেয় বঙ্গোপসাগর।

বঙ্গোপসাগরের উষ্ণতাও একটা কারণ ঘূর্ণিঝড় তৈরির জন্য। সমুদ্রের উপরিতলের তাপমাত্রা ঘূর্ণাবর্তকে বিপজ্জনক করে তোলে। তার ফলে ঘূর্ণাবর্ত নিম্নচাপ, গভীর নিম্নচাপ, থেকে ঘূর্ণিঝড়, অতিপ্রবল ঘূর্ণিঝড়, এমনকী সুপার সাইক্লোন তৈরি হয়। ক্রমশই উষ্ণতা বাড়ছে সমুদ্রের। ফলে ঝড়ও বাড়ছে। গত চার বছরে ১২টিরও বেশি ঝড় বয়ে গিয়েছে বঙ্গোপসাগরের বুক চিরে।
পরিসংখ্যান বলছে, বঙ্গোপসাগরে যদি চারটি ঝড় হয়, তবে আরব সাগরে একটি ঝড় হয়। অর্থাৎ ভারতীয় উপকূলে যদি পাঁচটি ঝড় আছড়ে পড়ে, তার মধ্যে চারটি বঙ্গোপসাগরের বুক চিরে আসে। ভারতের পূর্ব উপকূলেই বেশিবার আঘাত নেমে আসে।

বর্তমানে ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরের বুক চিরে এগিয়ে আসছে উপকূলের দিকে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী মায়ানমার-বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণি। বুধবার রাতেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেবে মোখা। এই ঝড়ও শক্তিশালী হয়ে ওঠার অনুকূল পরিবেশ পেয়ে বিধ্বংসী রূপ নিচ্ছে।
এখানে উল্লেখ্য, ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের মরশুম শুরু হয় মার্চ মাস থেকে। তবে ঘূর্ণিঝড়ের মোক্ষম সময় এপ্রিল ও মে মাস। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল থাকে। এবার মে মাসে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আম্ফানের পর মোখাও তীব্র রূপ নেবে।












Click it and Unblock the Notifications