Bratya Basu: বির্তক মেটালেন ব্রাত্য বসু, রাজ্যে শিক্ষকের শূন্যপদ কত? তথ্য দিলেন মন্ত্রী
রাজ্যে শিক্ষকদের শূন্যপদ কত আছে? তাই নিয়ে শুরু হয়েছিল চাপানউতোড়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য ঘিরেই গুঞ্জন উঠেছিল মঙ্গলবার। বুধবার সম্পূর্ণ ঘুরে গেলেন শিক্ষামন্ত্রী। নতুন শূন্যপদের তথ্য বিধানসভায় বললেন ব্রাত্য বসু।
রাজ্যে শিক্ষকদের জন্য শূন্যপদ কত রয়েছে? সেই হিসেব মঙ্গলবার রাজ্য বিধানসভায় বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি মঙ্গলবার জানিয়েছিলেন, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে শিক্ষকদের শূন্যপদের সংখ্যা ৭৮১। এই কথার পরেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বুধবার সম্পূর্ণ অন্য তথ্য দিলেন ব্রাত্য বসু৷ এদিন বিধানসভাতেই শিক্ষামন্ত্রী জানান, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে ২০২২ সালে রাজ্য থেকে তথ্য দেওয়া হয়েছিল। সেই তথ্য অনুসারে প্রাথমিকে এখন শূন্যপদ ১১,৭৬৫। সেখানে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। উচ্চ প্রাথমিকে ১৪,৩৩৯ টি হল শূন্যপদের সংখ্যা। আদালতের নির্দেশে সেখানে কাউন্সেলিং চলছে।
মাধ্যমিকে সাড়ে ১৩ হাজারের বেশি শূন্যপদ আছে। আর উচ্চ মাধ্যমিকে শূন্যপদের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। আদালতে মামলা রয়েছে। আদালত নির্দেশ দিলে নির্দিষ্টভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। এমনই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রশ্ন উঠেছে, তাহলে দুদিন আলাদা তথ্য দিলেন কেন মন্ত্রী? গত দিন কি ভুল করেছিলেন ব্রাত্য বসু? মন্ত্রীর কথায়, "বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বলেছিলাম, শিক্ষকের শূন্যপদ কত আমার পক্ষে এই মুহূর্তে সেটি বলা সম্ভব নয়। প্রতিনিয়ত কেউ না কেউ অবসর নিচ্ছেন। আমার কথা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। সেই তথ্য দিয়ে বিতর্কের অবসান করতে চাইছি।"
শিক্ষামন্ত্রী গতকাল অন্য তথ্য দিয়েছিলেন। মাত্র ৭৮১ টি শূন্যপদ রয়েছে? এই কথার পরেই বিতর্ক শুরু হয়। কারণ, শিক্ষা দফতরের দেওয়া কলকাতা হাইকোর্টের তথ্য মিলছে না। এদিকে নিয়োগের পরীক্ষাও বন্ধ ছিল। নিয়োগ প্রক্রিয়াও বহু বছর হয়নি।
হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায় কয়েক বছর ধরে আন্দোলন করছেন। সকলের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে এদিনের বক্তব্যে বিতর্ক খানিকটা কমেছে। এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications