বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীর খুনের মামলায় দোষী সাব্যস্ত ১২, শনিবার সাজা ঘোষণা
কলকাতা, ১৫ এপ্রিল : সৌরভ চৌধুরী খুনের মামলায় রায় ঘোষণা করল বারাসত আদালত। মোট ১৪ অভিযুক্তদের মধ্যে ১২ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। একজনকে বেকসুর খালাস করেছে ও আর একজন রাজসাক্ষী হয়ে সাজা এড়িয়েছে। দোষীদের মধ্যে ৯ জনকে খুনের মামলায় দোষী করেছে আদালত। আগামিকাল শনিবার সাজা ঘোষণা করা হবে।
বামনগাছির কুলবেড়িয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। চোলাই মদের ঠেক, জুয়া-সাট্টা, মধুচক্র, মেয়েদের শ্লীলতাহানি ইত্যাদি ঘটনা ঘটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্থানীয় যুবক সৌরভ চৌধুরী (২০)। সেজন্য নৃশংসভাবে তাঁকে খুন করা হয়। ঘটনাটি ঘটে ২০১৪ সালের জুলাই মাসে।

এরপর ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। একজন রাজসাক্ষী হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ঘটনায় মোট ৪১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘ শুনানির পরে এরপরই এদিন বারাসত জেলা আদালতে সৌরভ খুনের মামলায় রায়দান করে আদালত।
ঘটনায় প্রধান অভিযুক্ত শ্যামল কর্মকারদের বিরুদ্ধে বারবারই গ্রেফতার থাকা অবস্থায় সৌরভের পরিবারকে হুমকির অভিযোগ উঠেছে। এমনকী সাক্ষী ও সরকারি আইনজীবীকেও শাঁসানির অভিযোগ উঠেছে। এসব ছাড়াও শ্যামলের অনুগামীদের বিরুদ্ধে সৌরভের বাবা ও দাদাকে মারধরেরও অভিযোগ রয়েছে।
তাই এমন ঘটনা যাতে আর কোনও পরিবারের সঙ্গে না ঘটে সেজন্য দোষীদের সর্বোচ্চ সাজার দাবি করেছে চৌধুরী পরিবার। এখন দেখার শনিবার আদালত কি সাজা ঘোষণা করে।












Click it and Unblock the Notifications