Buddhadeb Bhattacharjee: 'যে কাজ শুরু করেছিলেন...' আবেগে ভাসলেন বুদ্ধ ভট্টাচার্যের সতীর্থ
Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবু যে কাজ শুরু করেছিলেন, সেটাই ছিল এই রাজ্যের উন্নতির সঠিক দিশা। এমনটাই মনে করেন বংশগোপাল চৌধুরী (Bansa Gopal Chowdhury)। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে শিল্প ও বানিজ্য দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘদিন রাইটার্স বিল্ডিংয়ে একসঙ্গে কাজ করেছেন। বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু কিছুতেই বুদ্ধবাবুর চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না। কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়েন প্রাক্তন এই মন্ত্রী।

শুধু মন্ত্রী হিসাবেই নয়, তৎকালীন আসানসোলের রানিগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন। অনেকই বলতেন তাঁর কথায় একটা সময় নাকি বাঘে-গরুতে একঘাটে জল খায়। আর সেই দুর্দান্ডপ্রতাপ বাম নেতার কথাতে উঠে এল বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) প্রশংসা।
এদিন বংশগোপাল চৌধুরী বলেন, বুদ্ধবাবু যে কাজ শুরু করেছিলেন, সেটাই ছিল এই রাজ্যের উন্নতির সঠিক দিশা। যে যাই বলুক না কেন, এই দিশার বাইরে আর কিছু নেই।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসানসোলে একের পর এক শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবদানের কথা তুলে ধরেন প্রাক্তন মন্ত্রী। বলেন, শিল্পনগরী গড়তে বুদ্ধবাবুর অবদান ছিল অপরিসীম। বিশেষ করে ইসকো সম্প্রসারণের সময় অনেক বাধা-বিপত্তি এসেছিল, চরম বাধা এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) পরামর্শে সমস্ত কিছু কাটিয়ে ইসকো সম্প্রসারণ হয়েছিল বলে দাবি বংশগোপাল চৌধুরী।
শুধু তাই নয়, এই বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, তখন কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। সেই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি মত ইসকো সম্প্রসারণ ও আধুনিককরণের কাজ করিয়ে নিতে সক্ষম হয়েছিলাম। কোনও ভাবে এই সংস্থাকে বেসরকারিকরণ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন প্রবীণ এই বামনেতা।
বলে রাখা প্রয়োজন, দেশের অন্যতম বড় ইস্পাত কারখানা ইসকো। বর্তমানে এই কারখানাটি সেল এর অধীনস্থ। বছরে ২৫ লক্ষ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন ক্ষমতা রয়েছে। ১৯১৮ সালে কারখানাটি নির্মাণ করে মার্টিন বার্ন গ্রুপ ইন্ডিয়ান আয়রন এবং ইস্পাত কোম্পানি নামে।
এরপর ২০০৬ সালে সেল এই কারখানাটি অধিগ্রহণ করে। এরপর এই কারখানার আধুনিকরণের কাজ শুরু হয়। এতে বিপুল বিনিয়োগ হয়। বিশ্লেষকরা বলেন, ২০১৫ সালে পশ্চিমবঙ্গে এটি বৃহত্তম বিনিয়োগ ছিল। আর তাতে বড় ভূমিকা ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)।












Click it and Unblock the Notifications