লোকসভা ভোট ঘোষণা হতেই বিপুল বিস্ফোরক! বাঁকুড়া থেকে গ্রেফতার ১
বাঁকুড়ায় ফের উদ্ধার বিস্ফোরক। শালতোড়ার পর ইন্দপুরে ৪৮ ঘন্টার ব্যবধানে বিস্ফোরক উদ্ধারে গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে।
বাঁকুড়ায় ফের উদ্ধার বিস্ফোরক। শালতোড়ার পর ইন্দপুরে ৪৮ ঘন্টার ব্যবধানে বিস্ফোরক উদ্ধারে গ্রেফতার করা হয়েছে এক ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ীর বাড়িতেই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল। পাথর খাদানের কাজে ব্যবহারের জন্য, নাকি বিস্ফোরক তৈরির জন্য এই মজুত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তারই মধ্যে বিস্ফোরক উদ্ধারের ঘটনা। বুধবার রাতে শালতোড়া থেকে উদ্ধার হয়েছিল ডিটোনেটর, জিলেটিন স্টিক এবং অ্যামোনিয়াম নাইট্রেট। এরপর শুক্রবার রাতে শালতোড়া থেকে ৫৫ কিমি দূরে ইন্দপুরের বগা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট, ৮০০ টি ডিটোনেটর এবং ২০০ টি এক্সপ্লোসিভ ডিনামাইট। বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের জেরে গ্রেফতার করা হয় বাড়ির মালিককে।
শালতোড়ায় বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেছে বিরোধীরা। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস তৈরি করতে চায় শাসকদল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। তাদের পাল্টা অভিযোগ বিরোধীদের দিকে।
নির্বাচনের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক কেন আনা হয়েছিল, বাড়িতেই বা কেন মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। তবে শালতোড়ার মতো ইন্দপুরেও রয়েছে পাথর খাদান। সেই খাদানের কাজে ব্যবহারের জন্য, নাকি বিস্ফোরক তৈরির জন্য এই মজুত তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের বেলদার গুড়দলা গ্রামের একটি বাড়ি থেকে। গ্রেফতার করা হয়েছিল একজনকে।












Click it and Unblock the Notifications