Jadavpur University: "নোংরা কাজ হয় ওখানে," যাদবপুরকে আধ ঘণ্টায় 'ঠান্ডা' করার দাওয়াই বিজেপি বিধায়কের
Jadavpur University: এবার যাদবপুর নিয়ে বেলাগাম বিজেপি বিধায়ক। যাদবুরে তৃণমূল ও সিপিএমের আঁতাতের দাবি বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। বিজেপি ও এবিভিপির উপর দায়িত্ব ছেড়ে দিলে আধ ঘণ্টায় যাদবপুরকে ঠান্ডা করে দেওয়ার হুঁশিয়ারি অমরনাথের।
যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল ও সিপিআইএমকে 'মাসতুতো ভাই' কটাক্ষ বিজেপি বিধায়কের। বর্তমানে ওই দুই দল মিলে যাদবপুরে অস্থিরতার পরিবেশ সৃষ্টি করছে বলে দাবি বিজেপি বিধায়কের। অমরনাথ শাখা বলেন, "ওখানে তো তৃণমূল আর সিপিআইএমের কোলাকুলি চলছে। বিজেপি ও এবিভিপিকে ছেড়ে দিন, আধঘণ্টার মধ্যে সব ঠান্ডা করে দেব।"

বিজেপি বিধায়কের আরও বক্তব্য, "যাদবপুরে এত ধরনের নোংরা কাজ হয়, আমরাও কেন্দ্রীয় ও রাজ্য় নেতৃত্বকে বলব যদি বিজেপি ও এবিভিপির কার্যকর্তাদের ছেড়ে দেন, আধ ঘণ্টার মধ্যে ঠান্ডা করে ছেড়ে দেব। হুঁশিয়ারির কী আছে, যাদবপুর আমাদেরকে আধঘণ্টা ছেড়ে দিক। তৃণমূল আর সিপিএমের কোলাকুলি চলছে। ভোটের সময় যেমন কোলাকুলি হয়েছে, ওখানেও তাই হচ্ছে।"
বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে পাল্টা ওন্দা ব্লক তৃণমূলের সভাপতি উত্তম বিটের দাবি, "যাদবপুরে তৃণমূল একাই একশো। ওখানে বিজেপি ও সিপিএম কোনও ফ্যাক্টর নয়। " তবে স্রেফ যাদবপুরই নয়, ওন্দার বিডিওকে 'ফিরহাদ হাকিমের জামাই না ভাগ্নে'বলে কটাক্ষ করেন অমরনাথ শাখা। বিডিওকে 'মাওবাদী' বলেও বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক। এমনকি বিডিও অফিস ঘেরাওয়ের হুমকিও দেন তিনি।
দলের ওন্দা-১ মণ্ডলের নতুনগ্রামে বিজেপির কর্মী সম্মেলনে বিধায়ক অমরনাথ শাখা বলেন, "এখানকার বিডিও ববি হাকিমের জামাই না ভাগ্নে, ওনার আচরণ মাওবাদীদের মতো।" এমনকি কোনও কাজে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রেও বিশেষ একটি গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। এই পরিস্থিতিতে ১০০ গাড়ি লোক নিয়ে গিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিধায়ক।
'ভুয়ো ভোটার' প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "কর্মসূত্রে দীর্ঘদিন অন্য রাজ্যের যাঁরা এখানে আছেন তাঁরা ভুয়ো ভোটার। তৃণমূলের কারচুপি ধরতে এবার বিজেপি আসরে নামবে।" ভুয়ো ভোটার নিয়ে বিজেপি বিধায়ক ভিত্তিহীন মন্তব্য করেছেন বলে পাল্টা দাবি ব্লক তৃণমূল সভাপতির।












Click it and Unblock the Notifications