Bangladeshi Terrorist: কেরলে ধৃত জঙ্গির বাংলাতেও অবাধ বিচরণ! মুর্শিদাবাদে ভুয়ো আধার, ভোটার, পাসপোর্ট তৈরি
Bangladeshi Terrorists: অসম পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশের আনসারুল্লা (Ansarullah Bangla Team) বাংলার আট জঙ্গি। ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ভারতে ঘাঁটি গেড়ে ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছিল ওই জঙ্গি সংগঠনের এক সদস্য শাব শেখ ওরফে মহম্মদ শাদ রাডি (Md Shad)। পশ্চিমবঙ্গে এসে একাধিক বৈঠক করে কেরলে চলে গিয়েছিল সে।
পশ্চিমবঙ্গে থেকেই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট (Fake Passport) বানিয়েছিল মহম্মদ শাদ রাডি। গোয়েন্দাদের কাছে এসেছে এমনই তথ্য। ভুয়ো পরিচয়পত্র (Fake ID cards) বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছিল। শাদ রাডির বদলে শাব শেখ নাম রয়েছে পরিচয়ত্রে।

বাংলার দুই বিধানসভাতেই রয়েছে শাড রাডির নাম। তার ভুয়ো পাসপোর্টে ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া। অন্যদিকে ভোটার কার্ডে লেখা সে নওদার বাসিন্দা। জানা গিয়েছে, বাংলাদেশের রাজশাহীতে বাড়ি শাব শেখ ওরফে মহম্মদ শাদ রাডির।
গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, ভারতের নাগরিক দেখিয়ে অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল শাদ রাডির। ভারতের মাটিতেই স্লিপার সেল (Sleeper Cell) খোলার তোড়জোড় শুরু করেছিল সে। স্লিপার সেলে নিয়োগেরও ফন্দি এঁটেছিল। অসম ও ফালাকাটায় একাধিকবার স্লিপার সেল নিয়ে বৈঠক করে শাদ রাডি।
সূত্রের খবর, ভারতে নাশকতার উদ্দেশ্যে শাদ রাডিকে বাংলায় পাঠিয়েছিল আনসারুল্লা বাংলার প্রধান জসীমউদ্দিন ঘনিষ্ঠ ফারহান ইশরাক। জসীমউদ্দিনের ডানহাত হিসেবে পরিচিত ফারহান। এই ফারহান ইশরাকের সঙ্গে অনবরত যোগাযোগ রাখত শাদ রাডি। পশ্চিমবঙ্গে জঙ্গিগোষ্ঠীর অন্যান্য সদস্যদের সঙ্গে ঘন ঘন বৈঠক সারত শাদ রাডি। ভারতে ঢুকে এই রাডিই মূল নাশকতার ছক কষছিল বলে জানা গিয়েছে।
হরিহরপাড়া থেতে শাদ রাডির ঘনিষ্ঠ তথা আনসারুল্লা বাংলার সদস্য মিনারুল শেখ ও মহম্মদ আব্বাস আলিকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। এদের সাহায্যেই শাদ রাডি ভুয়ো পরিচয়পত্র তৈরি করে থাকতে পারে বলে অনুমান গোয়েন্দাদের। আব্বাসের মাদ্রাসায় সন্ত্রাস পাঠ দেওয়া হত বলে অভিযোগ। ভারতে আনসারুল্লা বাংলার টার্গেট ছিল চিকেনস নেক। সেখান থেকেই নাশকতামূলক কার্যকলাপ পরিচালনার ছক ছিল।
এদিকে, ক্যানিং থেকে গ্রেফতার তেহরিক ই মুজাহিদিনের সদস্য। জঙ্গিমূলক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জাভেদ মুন্সি নামে ওই সন্দেহভাজনকে গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশের। ক্যানিংয়ে সে আত্মীয়ের বাড়িতে এসেছিল বলে জানা গিয়েছে। ক্যানিং হাসপাতালের সামনে থেকে সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করে জম্মু ও কাশ্মীরের পুলিশ।












Click it and Unblock the Notifications