প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ের জন্মদিনে গাড়ি দিয়েছিল বাকিবুর? বিস্ফোরক দাবি শুভেন্দুর
রেশন দুর্নীতি নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ব্যবসায়ী বাকিবুর রহমানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে ইডি৷ এবার রেশন দুর্নীতি বিষয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আগের খাদ্যমন্ত্রীর মেয়ের জন্মদিনে গাড়ি উপহার দিয়েছিলেন বাকিবুর রহমান? এমনই মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সামনে একাধিক মন্তব্য করেন তিনি।

রেশন দুর্নীতিতে বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। একের পর এক সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে তার। রেশন দুর্নীতিতে সরকারের কারা জড়িত? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
রেশন দুর্নীতির সঙ্গে ফিরহাদ হাকিমের নাম জুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। রেশন দুর্নীতি নিয়ে বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য মিলবে। দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠে ইচ্ছাপূরণের প্রথম বছরের দুর্গাপুজো উদ্বোধনে এসে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, বাকিবুর রহমান একজন বড় খেলোয়ার। বাকিবুরের ভাগ্নে আনিসুর রহমান দেগঙ্গা ব্লকের তৃণমূলের সভাপতি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ের জন্মদিনে বাকিবুর গাড়িও উপহার দিয়েছে। এমনই দাবি করেছেন শুভেন্দু।
শুধু তাই নয়, হিডকোর চেয়ারম্যানের সম্পর্কেও অনেক তথ্য বেরিয়ে পড়বে। রাজ্যের আরও এক মন্ত্রীর নাম উঠে আসবে। সে কথাও দাবি করেন শুভেন্দু অধিকারী।
একই সঙ্গে কয়লা চুরি ও নাকা চেকিংয়ের নামে তোলাবাজি সব কিছুরই সমালোচনা করেন শুভেন্দু। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। বিশেষ ভাবে সক্ষমদের ট্রাই সাইকেল দেওয়া হয়।












Click it and Unblock the Notifications