মুরগি মাংস ভালবাসলে সাবধান! পুলিশি হানায় ভেজাল কারবার প্রকাশ্যে
মৃত মুরগি নিয়েও ভেজালের কারবার। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া-সহ বিভিন্ন জায়গা থেকে এই মুরগি সরবরাহ করা হত কলকাতার হোটেলগুলিতে। শুক্রবার সেখানেই হানা দেয় বাদুড়িয়া থানার পুলিশ।
মৃত মুরগি নিয়েও ভেজালের কারবার। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া-সহ বিভিন্ন জায়গা থেকে এই মুরগি সরবরাহ করা হত কলকাতার হোটেলগুলিতে। শুক্রবার সেখানেই হানা দেয় বাদুড়িয়া থানার পুলিশ। এখনও কাউকে গ্রেফতার করতে না পারলেও পুলিশি অভিযানের উদ্ধার হয়েছে প্রচুর মরা মুরগি। ঘটনায় স্বতঃ প্রণোদিত মামলা রুজু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

ভেজাল মুরগির কারবারের কেন্দ্র উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার আরশুলা গ্রাম। সেখান থেকে মরা মুরগি সরবরাহ করা হত উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায়। কলকাতার বিভিন্ন হোটেলেও এই মুরগি সরবরাহ করা হত। অভিযোগ মরা মুরগি ফর্মালিনে চুবিয়ে বরফের পেটিতে করে সরবরাহ করা হত। ব্যবসা কয়েক বছর ধরে চললেও দিন কয়েক আগেই ফর্মালিনে চুবিয়ে মুরগির মাংস বিক্রির কথা প্রকাশ্যে আসে। স্থানীয় বাসিন্দারা এই মরা মুরগির ব্যবসা বন্ধের দাবিতে সরব হয়। শুক্রবারেই আরশুলা গ্রামে পুলিশি হানা চলে। সঙ্গে ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিকরা। যদিও পুলিশি হানার আগেই পালিয়ে যায় অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী মনিরুল। তবে বেশ কিছু বরফ দিয়ে রাখা মুরগির পেটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কম দামে মরা মুরগি এনে ফর্মালিনে চুবিয়ে পেটির মধ্যে ভরে সাপ্লাই দেওয়া হত হোটেলগুলিতে। তবে তাঁদের অভিযোগ পুলিশকে আগে জানালেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, ফর্মালিনে চুবিয়ে রাখা মাংস স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক। যা থেকে ক্যান্সার হয় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications