‘সার্কাস পার্টি’ বঙ্গ বিজেপির অংশ হতে চাই না! কেন এমন কথা বললেন বাবুল সুপ্রিয়
‘সার্কাস পার্টি’ বঙ্গ বিজেপির অংশ হতে চাই না! কেন এমন কথা বললেন বাবুল সুপ্রিয়
একদিন আগেই টুইটে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে মজাদার জোকার বলেছিলেন বাবুল সুপ্রিয়। এবার বঙ্গ বিজেপিকে বললেন সার্কাস পার্টি। টুইটে বিস্ফোরক বাবুল সুপ্রিয় কাঠগড়ায় তোলেন বঙ্গ বিজেপিকে। বিজেপিতে যে সার্কাস চলছে- তার ব্যাখ্যাও দেন দ্যর্থহীন ভাষায়।
|
সার্কাসের অংশ হতে পারেনি, ‘সঠিক’ বেছে নিয়েছি
বাবুল সুপ্রিয় টুইটে লেখেন, বন্ধুরা, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি মনে করিয়ে নিজেদের সময় নষ্ট করবে না। দুঃখিত যে, আমি বিজেপি নামক একটি সার্কাসের অংশ হতে পারেনি। আমি আমার ‘সঠিক' বেছে নিয়েছি। আপনারা অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এই টুইট-মন্তব্যের ফাঁকে তিনি এক বিখ্যাত ব্যক্তির বাণীও তুলে ধরেন।

বিজেপি ছাড়ার সময় যা বলেছিলাম, এখন সেটাই প্রমাণিত
বাবুল সুপ্রিয় তাঁর টুইটে আইজ্যাক আসিমভের কথা উল্লেখ করে বলেন, আপনার নৈতিকতার বোধ কখনই আপনাকে সঠিক বিষয়টি বেছে নিতে বাধা দেবে না। সেইমতোই তিনি সঠিক পথ বেছে নিতে সক্ষম হয়েছেন বলে জানান। তিনি বলেন, বিজেপি ছাড়ার সময় যা বলেছিলাম, এখন সেটাই প্রমাণিত হচ্ছে। এই মর্মে তিনি একটি টুইটও করেন।

প্রত্যাখ্যাত হতে হতে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যাবে
বাবুল লেখেন, পাঁচ মাস আগে বিজেপি সম্পর্কে যা বলেছিলাম, এখন তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। অজন্তা সার্কাসের পূর্ববর্তী রিং মাস্টার দিয়ে শুরু হয়েছিলেন জোকারদের উত্থান। দেখতে থাকুন, প্রত্যাখ্যাত হতে হতে বিজেপি দ্রুত পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেইসঙ্গে তিনি লেখেন, বঙ্গ বিজেপির যাঁরা বাংলার মানুষের হয়ে কাজ করতে চান, তাঁরা এখন ইস্তফা দিচ্ছেন।

জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি বরখাস্ত হওয়ার পর
বিজেপিতে সম্প্রতি অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারি। তাঁরা বরখাস্ত হয়েই কেন্দ্র ও রাজ্য বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকেন। রাজ্য সভাপতি ও রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেন।

বিজেপিকে সার্কাস পার্টি বলে উল্লেখ করেন বাবুল সুপ্রিয়
জয়প্রকাশ ও রীতেশ বলেন, একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলকে সুবিধা করে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তাঁদের এই সমস্ত অভিযোগ নিয়েই এদিন বাবুল সুপ্রিয় টুইট করেন। বিজেপিকে সার্কাস পার্টি বলে উল্লেখ করেন। এবং সেই সার্কাস পার্টির অংশ তিনি যে চান না, তা ফলাও করে জানিয়ে দেন এদিন।

দিলীপ ঘোষকে মজাদার জোকার বলে কটাক্ষ বাবুল সুপ্রিয়ের
বিজেপিতে এখন পিকনিক ডিপ্লোম্যাসি চলছে বলে জানিয়ে দিলীপ ঘোষ খোঁচা দিয়েছিলেন বাবুলকে। বাবুল সুপ্রিয় মমতার ফিশফ্রাই ডিপ্লোম্যাসিতে ফেঁসে গিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ। তাঁর পাল্টা বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষকে মজাদার জোকার বলে কটাক্ষ করেন। এবার বিজেপিকে সার্কাসের পার্টি বলে ব্যাখ্যা করলেন বাবুল।












Click it and Unblock the Notifications