জট কাটিয়ে বাবুল সুপ্রিয়র শপথ বিধায়ক পদে, ডেপুটি স্পিকার পাঠ করালেন শপথ-বাক্য
জট কাটিয়ে বাবুল সুপ্রিয়র শপথ বিধায়ক পদে, ডেপুটি স্পিকার পাঠ করালেন শপথ-বাক্য
সমস্ত জট কাটিয়ে অবশেষে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার পর কেটে গিয়েছে ২৫ দিন। তারপর বিধানসভার সদস্য হিসেবে বাবুল সুপ্রিয় শপথ নিলেন। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বাবুলের পথ চলা শুরু হল তৃণমূল বিধায়ক হিসেবে।

বুধবার বেলা ১২টা নাগাদ বিধানসভায় শপথ নেন বালিগঞ্জ কেন্দ্রের নির্বাচিত সদস্য বাবুল সুপ্রিয়। রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাতের জেরে যে জটের তৈরি হয়েছিল, তার অবসান হয়েছিল বিধানসভার স্পিকারের উদ্যোগে। তিনি নমনীয় হয়ে বৃহত্তর স্বার্থে সংঘাতের পথ থেকে সরে আসেন। তিনি ডেপুটি স্পিকারকে বোঝান শপথ পাঠ করাতে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে শপথবাক্য পাঠ করান ডেপুটি স্পিকারই।
বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল প্রথম থেকেই। রাজ্যপাল শপথ অনুষ্ঠানের অনুমতি দেননি। বাবুলের অনুরোধে রাজ্যপাল শপথগ্রহণের অনুমতি দিলেও নতুন করে জট তৈরি হয়, তাঁর নির্দেশিকায়। তিনি স্পিকারের পরিবর্তে ডিপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর নির্দে দেন। তাতেই নতুন করে রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয়। ডেপুটি স্পিকারও রাজি হননি শপথবাক্য পাঠ করাতে।
এতদিন রাজ্য সরকার ও রাজ্যপাল কেউ একচুলও সরেননি তাঁদের অবস্থান থেকে। ফলে ১৬ এপ্রিল ফল প্রকাশ হলেও বাবুলের শপথ গ্রহণ আটকেই ছিল। শেষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরে আসেন তাঁর অবস্থান থেকে। তিনি ডেপুটি স্পিকারকে অনুরোধ করেন বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে। সেইমতো বুধবার বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার আসিস বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান বাবুল সুপ্রিয়কে। উপস্থিত ছিলেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাবুলের শপথ গ্রহণের জট কাটাতে গত মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক বসেছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। নিস্ফলা বৈঠকের পর রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই রাজ্যপালকে নতুন করে চিঠি লেখা হবে। রাজ্যপালকে অনুরোধ করা হবে বিষয়টি আরও একবার সহানুভূতির সঙ্গে বিবেচনার করার জন্য। কিন্তু তার আর প্রয়োজন হয়নি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নমনীয় হওয়ায়।
Recommended Video
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দেওয়ায়, যে জটিলতা তৈরি হয়েছিল, তা মিটে যেতেই বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ হয়ে গেল। এখন দেখায় তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় কি না। সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক তিনি। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে য়োগ দেওয়ার সময়ই বলেছিলেন বাংলার জন্য কিছু করতে চান, তাই দিদির ডাকে তিনি সাড়া দিয়েছেন।












Click it and Unblock the Notifications