বিজেপির সাংসদ পদ ছেড়েই বাবুলের ‘পরামর্শ’ শুভেন্দুকে, জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে
বিজেপির সাংসদ পদ ছেড়েই বাবুলের ‘পরামর্শ’ শুভেন্দুকে, জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে
বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই আক্রমণ শানালেন 'বন্ধু' শুভেন্দু্ অধিকারীকে। তবে আক্রমণ না বলে পরামর্শ বললেও চলে। বাবুল সুপ্রিয় স্পিকারের কাছে সঠিক সময়ে ইস্তফা দেওয়া পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে পরামর্শ দেন। শিশির অধিকারীর সাংসদ পদ থেকে ইস্তফা প্রসঙ্গে শুভেন্দুকে বলেন দু-চার কথা।

শুভেন্দু অধিকারীর উচিত বাবাকে বোঝানো
সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা বাবুল সুপ্রিয় বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। কিন্তু অনেক সময়ে আমার নামে কুকথা বলেছেন শুভেন্দু। তবে আমার বিশ্বাস তা তিনি বলেছেন রাজনীতির স্বার্থে। আমি আজ তাঁর সম্বন্ধে কোনও কথা বলতে চাই না। শুধু একটা পরামর্শ দিতে চাই। আমি বলব, শুভেন্দু অধিকারীর উচিত বাবাকে বোঝানো।

যে পার্টিতে মন নেই, সে পার্টির প্রতিনিধি কেন
বাবুলের কথায়, আমি তো সাংসদ পদ থেকে ইস্তফা দিলাম। এবার শিশিরবাবু কবে তাঁর সাংসদ পদ ছাড়বেন? প্রশ্ন ছুড়ে দেন বাবুল সুপ্র্রিয়। তারপরই তাঁর পরামর্শ, শুভেন্দু এবার বাবাকে একটু বোঝান, তিনি যেন সাংসদ পদ থেকে ইস্তফা দেন আমারই মত। আমি যেমন নৈতিকতার প্রশ্নে সাংসদ পদ থেকে ইস্তফা দিলাম। তিনিও যেন দেন। কেননা, যে পার্টিতে আমার মন নেই, যে পার্টি আমি ছেড়ে দিয়েছি, সেই পার্টির টিকিটে সাংসদ পদ কেন রেখে দেব। নৈতিকতার প্রশ্নেই সাংসদ পদ ছেড়েছি।

আসানসোল থেকেই তৃণমূলের টিকিটে বাবুল? জল্পনা
এদিনই সংসদে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর ইস্তফার সঙ্গে সঙ্গেই আসানসোল আসনটি ফাঁকা হয়ে গেল। এবং এই আসানসোল কেন্দ্রে ফের ভোটের দামামা বাজার অপেক্ষা। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে, এবার কি আসানসোল থেকেই তৃণমূলের টিকিটে তিনি লড়বেন? বাবুল সেই সম্ভাবনা নস্যাৎ করেছেন। সরাসরি না বলে দিয়েছেন তিনি।

তাৎপর্যপূর্ণ টুইটে জল্পনা বাড়িয়েছিলেন বাবুল নিজেই
আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন বাবুল সুপ্রিয়। এমন রটনা রটেছিল বাবুল সুপ্রিয়র টুইটের পর থেকেই। তিনি তাৎপর্যপূর্ণ টুইটে জল্পনা বাড়িয়েছিলেন পুনরায় সাংসদ হিসেবে ফিরে আসার। বাবুল সুপ্রিয় তাঁর টুইটে লেখেন, তাঁর মধ্যে যদি কিছু থাকে, তাহলে তিনি আবার ফের আসবেন। টুইটের একেবারের শেষে এই অংশটুকু নিয়েই জল্পনার পারদ চড়েছে। তবে কি আসানসোল উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়? অন্তত বাবুলের টুইট সেই বার্তাই দিচ্ছে।

বাবুলের বিধানসভায় প্রার্থীপদ থেকে সাংসদ পদে ইস্তফা
কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বিজেপি এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করে। তিনি সেই নির্বাচনে হারার পর থেকেই দলে ব্রাত্য হয়ে পড়েন। এমনকী ৭ জুলাই তিনি মোদী মন্ত্রিসভার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ হারান। তারপর ফেসবুক পোস্ট করে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তবে কিছুদিনের মধ্যেই ১৮ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল। আর ১৯ অক্টোবর তিনি ঘোষণামতো বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দেন।












Click it and Unblock the Notifications