ব্যালট-বক্স পর্যন্ত লড়াই পৌঁছলে নির্মূল হবে তৃণমূল! টিএমসিকে টিএমছিঃ-তোপ বাবুলের
ব্যালট বক্স পর্যন্ত লড়াই পৌঁছলে নির্মূল হয়ে যাবে তৃণমূল। বর্ধমানের মেমারির দলীয় কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসককে সাবধান করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়।
ব্যালট বক্স পর্যন্ত লড়াই পৌঁছলে নির্মূল হয়ে যাবে তৃণমূল। বর্ধমানের মেমারির দলীয় কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেসককে সাবধান করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, দিদিও ভয় পেয়েছেন, দিদির ভাইয়েরা ভয় পেয়েছেন। তাই লাগাতার বাধা চলছে। রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করা হয়েছে পূর্বপরিকল্পিতভাবে।
মেমারির মহেশডাঙার সভায় বাবুল সুপ্রিয় বলেন, তৃণমূল ভয় পেয়েছে বলেই, মনোনয়ন করতে বাধা দিয়েছে। মনোনয়ন পর্ব থেকেই প্রবল গণ্ডগোল পাকানো হচ্ছে। মনোনয়ন করতে দেওয়া হয়নি, মনোনয়ন করলেও প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে, তারপর জোর করে প্রার্থীদের শাসকদলে যোগ দেওয়ানো হচ্ছে।

তাঁর কথায়, এইসব হচ্ছে শুধু ভোটে হারার আতঙ্কে। ভোট ব্যালট বক্স পর্যন্ত গেলে তৃণমূল নির্মূল হয়ে যাবে, তাই আগেই ভোট শেষ করে দিতে তৎপর তৃণমূল। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এই ভূমিকার কঠোর সমালোচনা করেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি বলেন, রাজ্যের শাকদল যে ভূমিকা পালন করছে, তারপর ওই দলকে আমি আর টি এম সি বলি না, আমি বলি টি এম ছি।
এদিন তৃণমূল কংগ্রেস সরকার সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিচ্ছে না বলে অভিযোগ তোলেন আসানসোলের সাংসদ। তিনি বলেন, কোনও টাকা সরকারের নয়। সব টাকা সাধারণ মানুষের। সাধারণ মানুষের করের টাকায় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়। কিন্তু এই সরকার সেই পরিষেবা দিতে পারছে না।
বাবুল সুপ্রিয়র অভিযোগ, সাধারণ মানুষের করের টাকায় নিজেদের উদর পূর্তি করছে তৃণমূল কংগ্রেস নেতারা। দিদির ভাইয়েরা কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন এই ক-বছরেই। পঞ্চায়েত প্রধানের সাততলা বাড়ি। এই অট্টালিকা কাদের টাকায় বানিয়েছেন তিনি। প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয়।












Click it and Unblock the Notifications