ভয়ঙ্কর ঘটনা! দশম শ্রেণির ছাত্রীর গলায় চাকু চালিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত, ঘটনা কী?
মালদহে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। রাস্তায় বেরোলেই শুনতে হত কটূক্তি, সেকথা বাড়িতে জানিয়েছিল দশম শ্রেণির ছাত্রী। অভিযোগ যে, সেই রাগ থেকেই টিউশন পড়ে বাড়ি ফেরার রাস্তাতেই নাবালিকার গলায় চাকু চালিয়ে খুনের চেষ্টা করেছিল এক যুবক। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালদহে। আশঙ্কাজনক অবস্থাতে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি ওই ছাত্রী। পুলিশের হাতে ধরা পড়েছে অভিযুক্ত। তাকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে পরিবার এবং এলাকার মানুষদের তরফ থেকে।

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মালদহ থানার সাহাপুর এলাকার রায়পুর জোতগোবিন্দ গ্রামে। আক্রান্ত ওই দশম শ্রেণীর ছাত্রীটি স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছে যে, অভিযুক্ত ওই যুবকের নাম সুরজিৎ মণ্ডল। দীর্ঘদিন ধরেই স্কুলে যাতায়াতের পথে যুবকটি ওই মেয়েটির উদ্দেশ্যে অশালীন মন্তব্য করত। ওই কিশোরীর পরিবার দাবি করেছে যে, সমস্ত বিষয়টি বাড়িতে জানানোর পর থেকেই পরিস্থিতি আরও খারাপ শুরু করে।
জানা গিয়েছে যে, প্রতিদিনের মতোই গতকালও টিউশন শেষ করে বাড়ি ফিরছিল মেয়েটি। সেই সময় ফাঁকা রাস্তার সুযোগ পেয়ে মেয়েটির পিছু নেয় অভিযুক্ত। হঠাৎ করে মেয়েটির পথ আটকে গলায় চাকু দিয়ে কোপ মারে বলে অভিযোগ। আচমকা হামলায় হওয়ায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে চিৎকার শুরু করে ওই মেয়েটি। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসতেই ছেলেটি পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওই মেয়েটিকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, এখনও মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।
মেয়েটির পরিবার আরও অভিযোগ করেছে যে, হামলার সময় ওই ছাত্রীর মোবাইল ফোনও নিয়ে পালিয়েছে অভিযুক্ত। ভয়ঙ্কর ওই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য যে, দিনের আলোতেই যদি এমন ঘটনা ঘটে তাহলে তো বাড়ি থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের নজরদারি বাড়ানোর দাবিও উঠেছে।
ঘটনাটি ঘটার পরই মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। অভিযোগ পেয়েই তদন্তে নেমে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, কী কারণে এই হামলা হয়েছে, এর পেছনে আরও কেউ যুক্ত আছে কি না, সেই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবার এবং এলাকার মানুষ।












Click it and Unblock the Notifications