West Bengal Panchayat Election 2023: বিজেপি বিধায়ককে হেনস্তা, গাড়ি ভাঙার চেষ্টা! অশান্তির খবর সর্বত্র
West Bengal Panchayat Election 2023: আশঙ্কাই সত্যি হতে চলেছে! মনোনয়ন শুরু হতেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর। জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসছে। এমনকি রক্তারক্তির ঘটনাও ঘটেছে বলে খবর। শুধু বিরোধীরাই নয়, মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দলও প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও মনোনয়নকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
- বাঁকুড়ায় বিজেপি বিধায়ককে হেনস্তা-
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই বিডিও অফিস চত্বরে পুলিশের উপস্থিতিতে বিজেপি বিধায়ককে 'গালি গালাজ ও হেনস্থা'র অভিযোগ! অভিযোগের তির শাসক তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের অভিযোগ, নির্বাচন কমিশনের সূচী মেনে এদিন তিনি দলের কয়েক জন প্রার্থীকে নিয়ে কোতুলপুর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান।
কিন্তু মনোনয়নপত্র না পেয়ে ফিরে আসার সময় বিডিও অফিস চত্বরে পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা 'চোর-চোর' স্লোগান, 'হেনস্থা'র পাশাপাশি তাঁর গাড়িতেও আক্রমণের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। এই অবস্থায় পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা দাবি করে তিনি সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চালুর দাবি জানান।
- তৃণমূল গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ভরতপুর
অন্যদিকে মনোনয়নের প্রথম দিনেই শাসক দলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল ভরতপুর ২ ব্লক। সালারে ব্লক অফিসে সর্বদলীয় বৈঠক থেকে বেড়িয়ে মিছিল করে যাওয়ার সময় সালার ব্যাসস্ট্যান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার অভিযোগ বিধায়ক হুমায়ুন কবীর অনুগামীদের বিরুদ্ধে। যুব তৃণমূল কার্যালয়ের সামনে ব্লক সভাপতি অনুগামীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রায় ৮ জন। তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

- নন্দীগ্রামেও অশান্তি
অন্যদিকে শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামেও অশান্তির অভিযোগ আসছে। বিজেপি নেতাদের মনোনয়ন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে সকাল থেকে সূষ্ঠ ভাবেই সবকিছু চলছে বলে জানানো হয়েছে।

- ফর্ম বহু জায়গাতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ
অশান্তির পাশাপাশি মনোনয়ন ঘিরে অব্যবস্থার ছবি সামনে আসছে বিভিন্ন জেলা থেকে। তেমনই বেশ কিছু ছবি ধরা পড়েছে হাওড়াতে। সিপিএমের তরফে অভিযোগ, আজ শুক্রবার সকালে ডোমজুড়ের ক্ষেত্রে তিনটি অঞ্চলের জন্য মাত্র দুটি ফর্ম দেওয়া হয়েছে। DCR কাটার পরিস্থিতি এখন পর্যন্ত নেই। আশ্বাস পর্যন্ত মেলেনি। কোনও ব্যবস্থা নেই বলেও অভিযোগ। সান্ত্বনা দেওয়ার জন্য তাদের দুটি মাত্র ফর্ম হাতে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
কার্যত একই ছবি বারুইপুর বিডিও অফিসে। আর এরপরেই তীব্র বিক্ষোভ বিজেপির। তাদের অভিযোগ, নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ে বিডিও অফিসে আসেন। এগারোটার পর তারা ডিসিআর কাটতে যান। যাতে নমিনেশন ফাইল করার ফর্ম তোলা যায়। কিন্তু বিডিও'র তরফ থেকে কোনরকম ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে বিডিও কোন কথা বলতে চাননি। তাই বিডিও অফিসের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications