বর্ধমানে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, মৃত ১০ পুণ্যার্থী, আহত ৩৫
বর্ধমানে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। মৃত ১০, আহত ৩৫। জেলাশাসক আয়েষা রানি জানিয়েছেন, ৮ জন পুরুষ ও ২ মহিলার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৬ শিশু আছে। তাদের একজনের মাথায় চোট রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি বিহারের দিকে যাচ্ছিল। চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
আজ সকালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন ফাগুপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । মৃত ও জখমরা সকলেই বিহারের বাসিন্দা। জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাাতালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসে চেপে বিহারের মতিয়ার জেলার চিরাইয়া সরসওয়াঘাট এলাকার ৪৫ জন বাসিন্দা পুণ্য ভ্রমণে বেরিয়েছিলেন। দেওঘর-সহ বিভিন্ন তীর্থস্থান ঘোরার পর গতকাল গঙ্গাসাগরে পুণ্যস্নান সারেন পুণ্যার্থীরা। এরপর কলকাতা ঘুরে বাসে চেপে পুণ্যার্থীরা এদিন বিহারে ফিরছিলেন। ফাগুপুরের কাছে বাসটি সড়ক পথে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। তাতে পুণ্যার্থী বোঝাই বাসটির সামনের দিকের বেশ কিছুটা অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান। মৃতর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দু'জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা সংকটজনক।
দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক আয়েষা রানি বর্ধমান হাসপাতালে পৌঁছন। আহতদের চিকিৎসার ব্যপারে তিনি খোঁজখবর নিয়েছেন । জেলাশাসক জানান, আহতদের চিকিৎসা শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত ১০ জনের দেহ বিহারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।












Click it and Unblock the Notifications