বিজেপিতে যোগ দিতে চান আসিফ খান, হুঁশিয়ারি তৃণমূলকে

আসিফ খান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা। মুকুল রায়ের একদা ছায়াঙ্গী সারদা-কাণ্ডে সিবিআইকে নানা তথ্য দিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের কয়েকজন নেতা-মন্ত্রীর বিরুদ্ধে তিনি তথ্য তুলে দেন কেন্দ্রীয় গোয়েন্দাদের। এর জেরেই শাসক দল তথা রাজ্য সরকারের রোষে পড়েন। অভিযোগ, প্রতারণার ভুয়ো মামলা সাজিয়ে তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তিনি রাজারাম শরাফ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে জমি পাইয়ে দেওয়ার নাম করে আট কোটি টাকা নিয়েছিলেন। কিন্তু জমি দেননি। সেই মামলাতে গ্রেফতার হয়ে এখন জেলে রয়েছেন আসিফ খান।
গতকাল বারাসত আদালতে তোলা হলে তিনি তোপ দাগতে শুরু করেন তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ সাংবাদিকদের কাছে ঘেঁষতে না দিলেও চিৎকার করে আসিফ খান কথা বলতে শুরু করেন। বলেন, "জেল থেকে ছাড়া পেয়ে আমি নরেন্দ্র মোদীর উন্নয়নের রথে সওয়ার হব। এ রাজ্যে বিজেপিই মানুষের আশাভরসা।"
বেকায়দায় পড়ে আপনি কি বিজেপিতে যেতে চাইছেন? তাঁর বক্তব্য, "আমি বেকায়দায় পড়িনি। একবার জেল থেকে বেরোই। এমন সব কথা ফাঁস করে দেব, তখন দেখব কে বেকায়দায় পড়ে!"
আসিফ খান নির্দিষ্ট করে না বললেও অন্তর্নিহিত অর্থ হল, সারদা-কাণ্ডে আরও অনেক কিছু জানেন তিনি। এ বার সেগুলো জনসমক্ষে বলবেন।
বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "আমরা ওঁর ভাবাবেগকে সম্মান করি। কিন্তু আগে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন। তার পর আমরা ভাবব।"
এর আগে এই আসিফ খানই মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মিথ্যেবাদী', 'ডাকাতরাণী' ইত্যাদি বিশেষণে ভূষিত করেছিলেন।
এদিকে, শুক্রবারও আসিফ খানের বেনিয়াপুকুরের বাড়িতে হানা দিয়েছে পুলিশ। তাঁর স্ত্রী তবস্সুম বলেন, "পুলিশ যখন খুশি আসছে, সাদা কাগজে যা খুশি লিখিয়ে নিচ্ছে। জানি না, এই হেনস্থা কতদিন চলবে!"
ওয়াকিবহাল মহলের মতে, আসিফ খান বিজেপিতে যোগ দিলে দু'টি সুবিধা হবে। প্রথমত, তৃণমূলের অন্দরের অনেক খবর তিনি জানেন। এগুলি কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে ফায়দা তুলতে পারবে বিজেপি। দ্বিতীয়ত, সংখ্যালঘু আসিফ খান বিজেপিতে যোগ দিলে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আরও বড় ধস নামাবে তারা।












Click it and Unblock the Notifications