বাবুল মন্ত্রী হওয়ায় আসানসোলে উৎসব, আবির খেলা

বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছেন, এই খবর সকাল থেকেই ছড়িয়ে পড়েছিল আসানসোলে। তাই শহরের জায়গায়-জায়গায় টিভির ব্যবস্থা করে বিজেপি কর্মীরা। দুপুর থেকে চোখ ছিল টিভির দিকে। 'আই, বাবুল সুপ্রিয় বড়াল...' বলে তিনি শপথবাক্য পাঠ করা শুরু করতেই উল্লাসে ফেটে পড়ে জনতা। শুরু হয়ে যায় পটকা ফাটানো, চরকি পোড়ানো। পাড়ায়-পাড়ায় রসগোল্লা বিলি শুরু করে দেন বিজেপি কর্মীরা। ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা হয়।
বাবুল সুপ্রিয় আসানসোলে এলে যে ফ্ল্যাটে থাকেন, তার মালিক জয়ন্ত ভাদুড়ি বলেন, "ভোটের প্রচার চলছিল তখন। উনি এসেছিলেন আমার ফ্ল্যাটটা ভাড়া নেবেন বলে। এত বড় মাপের একজন শিল্পী থাকবেন, আমি তো ভাবতেই পারিনি! এর পর উনি সাংসদ হলেন, এখন মন্ত্রী। আমার কাছে গোটা ব্যাপারটা যেন স্বপ্ন।"
শুধু আসানসোল শহরই নয়, কুলটি, রাণীগঞ্জ, জামুড়িয়া, সালানপুরেও উৎসব শুরু হয়ে যায়। গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। আসানসোলের ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষ সবারই আশা, ভেঙে পড়া শিল্প ও অর্থনীতির পুনরুজ্জীবনে কিছু ভালো কাজ করে দেখাবেন বাবুল সুপ্রিয়।
মন্ত্রী হওয়ার পর তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে, মানুষের প্রত্যাশা রয়েছে তাঁকে ঘিরে। এই প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।












Click it and Unblock the Notifications