শোভনকে হারাতে চায় না বিজেপি, তৃণমূলে প্রত্যাবর্তন-জল্পনার মাঝেই বৈঠকে মেনন
শোভন চট্টোপাধ্যায়কে কিছুতেই হারাতে চায় না বিজেপি। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর একবছরেও সক্রিয় হননি। তবু তৃণমূল তাঁকে ফেরানোর পদক্ষেপ শুরু করতেই কোমর বেঁধে আসরে নামল বিজেপি।
শোভন চট্টোপাধ্যায়কে কিছুতেই হারাতে চায় না বিজেপি। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর একবছরেও সক্রিয় হননি। তবু তৃণমূল তাঁকে ফেরানোর পদক্ষেপ শুরু করতেই কোমর বেঁধে আসরে নামল বিজেপি। একুশের নির্বাচন আগে অরবিন্দ মেনন তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করে তাঁকে সক্রিয় হওয়ার আহ্বান জানালেন।

অরবিন্দ মেনন শোভনের বাড়িতে
শোভনের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বিজেপি আসরে নেমে পড়ল। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেনন শোভনের বাড়িতে যান। তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক চলে। সেখানেই শোভনকে বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক, জল্পনায় শোভন
মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোকটা দিয়েছিলেন তাঁকে নিয়ে বিজেপি সক্রিয় হওয়ার পরই। শোভন বার্তা দিয়েছিলেন তিনি তৃণমূলে ফিরবেন, কিন্তু রত্নার সঙ্গে একমঞ্চে রাজনীতি করবেন না। রাজনৈতিক মহল মনে করছে, সেই কারণেই তড়িঘড়ি রত্নাকে দায়িত্ব থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

শোভন কি তৃণমূলেই ফিরছেন? জল্পনা চলছিল
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পদক্ষেপের পর জল্পনা শুরু হয়েছে, তবে কি শোভন চট্টোপাধ্যায় শেষে তৃণমূলেই ফিরছেন? আগেই তিনি ডাক দিয়েছিলেন বিজেপি ছেড়ে ফিরে আসার, এবার তাঁর ফেরার পথ প্রশস্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বিজেপিকে গোল দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

কৈলাশ বিজয়বর্গীয় বাংলায় ফিরেই শোভনকে টার্গেট
কৈলাশ বিজয়বর্গীয় বাংলায় ফিরেই দলের বিভাজন রুখেছেন। দিলীপ-মুকুলের দ্বন্দ্ব মিটিয়ে তিনি একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন। তারপর তিনি টার্গেট করেছিলেন শোভন চট্টোপাধ্যায়কে। রবিবার তিনি শোভনের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন। কিন্তু বিশেষ কারণে রবিবার যাননি কৈলাশ। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় টোপ ফেলে দেন সোমবার সকালে। এখন শোভনকেই সিদ্ধান্ত নিতে হবে, কোন পথে পা বাড়াবেন তিনি।

ফের টুইস্ট, শোভন তাঁর দর বাড়িয়েই চলেছেন
তারপর ফের টুইস্ট। সোমবার যখন সারাদিন শোভনের ঘরওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয়েছে, তখন রাত গড়াতেই বিজেপি পাল্টা দিয়ে পৌঁছে গেল শোভনের বাড়িতে। শোভনের বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক চলে বিজেপির পর্যবেক্ষকের সঙ্গে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শোভন তাঁর দর বাড়িয়েই চলেছেন।

তৃণমূল শোভনকে ফেরাতে উৎসাহী, বিজেপিও আসরে
বিজেপিতে নাম লেখানোর পর থেকেই শোভনের ঘরওয়াপসির জল্পনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে একাধিকবার। বিশেষ করে দিদির হাতে ভাইফোঁটা নিতে শোভনের সটান কালীঘাটে চলে যাওয়ার পর তাঁর তৃণমূলে ফেরা স্রেফ সমযের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। কিন্তু আদতে তা ঘটেনি। ফের একবার তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপিও এবার আসরে নেমেছে।












Click it and Unblock the Notifications