Arjun Singh: গ্রেফতারি পরোয়ানার গেরোয় অর্জুন সিং, হাইকোর্টে বিজেপি নেতা; মিলবে রক্ষাকবচ?
Arjun Singh: জগদ্দল গুলিকাণ্ডে এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মঙ্গলবার বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুরের এসিজেএম আদালত। অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। যদিও পুলিশি হেনস্থার অভিযোগে আগেই হাইকোর্টের দ্বারস্থ হন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। বৃহস্পতিবার রয়েছে শুনানি। মিলবে রক্ষাকবচ?
ঘটনার সূত্রপাত ২৬ মার্চ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় গুলি বোমাবাজির অভিযোগ ওঠে। বুধবার রাতে ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাবাজির অভিযোগ ওঠে। অর্জুন সিংকে লক্ষ্য করেও গুলি চালানোর অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা দুষ্কৃতীদের ধাওয়া করেন বলে দাবি অর্জুন সিংয়ের। যদিও অভিযোগ অস্বীকার করে শাসক শিবির।

সেই রাতে ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং ঘটনাস্থলে যান বলে খবর। এরপরই অশান্তি বৃহৎ আকার নেয় বলে দাবি বিজেপির। পাঁচ থেকে সাত রাউন্ড গুলি চলে বলে অভিযোগ বিজেপির। পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ অর্জুনের।
তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। যদিও অভিযোগ নস্যাৎ করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।
গোটা ঘটনায় সাদ্দাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন বৃহস্পতিবার জগদ্দল থানায় হাজিরা চেয়ে সমন পাঠানো হয় অর্জুন সিংকে। সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস পাঠান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জগদ্দল থানার এস আই মৃত্যুঞ্জয় মণ্ডল। অস্ত্র আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অর্জুনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয় জগদ্দল থানায়।
গুলিকাণ্ডে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য দু'বার ডেকে পাঠিয়েছিল পুলিশ। তবে ভিনরাজ্যে থাকায় যেতে পারেননি অর্জুন। প্রাক্তন বিজেপি সাংসদকে ৫ বার নোটিসও পাঠায় পুলিশ। গরহাজিরায় বাড়িতেও যায় পুলিশ। এরপরই পুলিশি হেনস্থার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ অর্জুন সিং।
মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। এরই মধ্যে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ব্যারাকপুরের আদালতের। ভিনরাজ্য থেকে ফিরলে অর্জুনের গ্রেফতারির শঙ্কা নিয়ে প্রশ্ন। নাকি হাইকোর্টে মিলবে রক্ষাকবচ? সেটাই দেখার।












Click it and Unblock the Notifications