পুজোয় ছুটি বাতিল বিদ্যুৎ দফতরে, হাতের কাছে রাখুন কলকাতা ও জেলার কন্ট্রোল রুমের নম্বর
Power Department: পুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সুনিশ্চিত করার জন্য বাতিল করা হলো বিদ্যুৎ দফতরের কর্মীদের সমস্ত ছুটি। আজ এ কথা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
একইসঙ্গে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার হোয়াটসঅ্যাপ নম্বর চালু করলেন মন্ত্রী। পুজোর সময় খোলা থাকবে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এইসব বন্দোবস্ত করা হলো। বিদ্যুৎভবনে 24x7 পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানান, এই কন্ট্রোল রুম খোলা থাকবে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। পুজো কন্ট্রোল রুমের নাম্বার দুটি হলো- 8900793503 ও 8900793504। সিইএসসি পুজো কন্ট্রোল রুমের নম্বর 98310 79666 ও 98310 83700।
এদিন রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার যে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হলো তার নম্বর 8433719121। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা বিল সংক্রান্ত তথ্যাদি, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, নতুন কোটেশনের পরিমাণ জানা-সহ নো পাওয়ার কল ডকেট করতে পারা ও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয় জানতে পারবেন।
আজকের বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দফতরের সকল কর্মী ও আধিকারিকরা মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবেন নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।
মন্ত্রী পুজো কমিটিগুলির কাছে আবেদন করেন, সমস্ত পুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দফতরের থেকে সঠিক চাহিদা অনুযায়ী সংযোগ নেন। বিদ্যুতের তারের ঠিক নীচে কোনও প্যান্ডেল করা থেকে বিরত থাকেন। আইএস বর্ণিত মানের কেবল ব্যবহার করা হয়, ছেঁড়া ও খোলা তার যাতে ব্যবহার না করা হয়, মণ্ডপের ভিতরে মূল সংযোগস্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া হয়, বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডটিতে উন্নত মানের ফিউজ তার ও মেন স্যুইচ ব্যবহার করা হয় এবং আর্থিং করানো হয়।
একই সঙ্গে মণ্ডপের লোকসমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটির যেন ব্যবস্থা করা হয় ও বিশেষ প্রয়োজনে যাতে বিদ্যুৎ আধিকারিক ও কর্মীরা সহজেই সেখানে প্রবেশ করতে পারে সেদিকে নজর দেওয়ার বিষয়েও মন্ত্রী পুজো কমিটিগুলির কাছে আবেদন করেন।












Click it and Unblock the Notifications